কড়া নিরাপত্তায় সীমিত পরিসরের অনুষ্ঠানে শপথ বাইডেন হ্যারিসের

চার বছর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিয়েছিলেন। চার বছর পর হোয়াইট হাউজে প্রবেশ করলেন প্রেসিডেন্ট হয়ে। যুক্তরাষ্ট্রের ৫৯তম অভিষেক অনুষ্ঠানে ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র। ঘোষণা দিলেন সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার। কড়া নিরাপত্তা ও সীমিত পরিসরের সাদামাটা আয়োজনের অভিষেক অনুষ্ঠানে বাইডেনের আগে গতকাল শপথ নেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যিনি আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। হামলার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠানটি শেষ হয়। আগামী চারটি বছর তারা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের দায়িত্ব সামলাবেন। তবে সেটা চ্যালেঞ্জের হবে বলেই বিশ্লেষকরা বলছেন। কারণ এরই মধ্যে সদ্য বিদায়ি প্রেসিডেন্ট ট্রাম্প অন্য কোনো কাঠামোতে ফিরে আসার কথা বলেছেন। খবর সিএনএন ও বিবিসির

কড়া নিরাপত্তায় শপথ বাইডেনের

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর ন্যাশনাল গার্ড আর অন্যান্য বাহিনীর সদস্যদের পাহারায় ওয়াশিংটন ডিসি যেন একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। সেই ক্যাপিটল হিলের সামনেই এক অনুষ্ঠানে গতকাল জো বাইডেনকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্ট। পবিত্র ধর্মীয় গ্রন্থ ১২৭ বছরের পুরোনো পারিবারিক বাইবেলে হাত রেখে শপথবাক্যে বাইডেন বলেন, ‘আমি একনিষ্ঠভাবে শপথ গ্রহণ করছি যে, আমি বিশ্বস্ততার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ের দায়িত্ব সম্পাদন করব এবং আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধানের সুরক্ষা, সংরক্ষণ ও প্রতিপালন করব’।

উদ্বোধনী বক্তব্যে বাইডেন বলেন, বিভিন্ন সময়ে আমেরিকাকে পরীক্ষা দিতে হয়েছে, তার দেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকে আমরা গণতন্ত্রের বিজয় উদ্যাপন করছি। শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন করেন পপ তারকা লেডি গাগা। এছাড়া পপ তারকা জেনিফার লোপেজসহ হলিউডের জনিপ্রয় মডেলরা উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেন। অভিষেক অনুষ্ঠান শেষে বাইডেন ক্যাপিটল হিলে গিয়ে তিনটি নথিতে স্বাক্ষর করেন।

অভিষেক অনুষ্ঠানের আগে ওয়াশিংটন ডিসির একটি গির্জায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় সস্ত্রীক যোগ দেন জো বাইডেন। সেখানে আরো উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সিনেটর মিচ ম্যাককনেল এবং প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে জো বাইডেন দ্বিতীয় রোমান ক্যাথলিক প্রেসিডেন্ট। এর আগে ছিলেন ডেমোক্র্যাট জন এফ কেনেডি। ১৯৬৩ সালে আততায়ীদের গুলিতে কেনেডি নিহত হওয়ার পর এই গির্জাতেই তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছিল। অভিষেক অনুষ্ঠানে অন্তর্ঘাতমূলক হামলার আশঙ্কা থাকলেও এবং ট্রাম্প সমর্থকদের বিক্ষোভের কথা শোনা গেলেও এর কোনটিই ঘটেনি। ট্রাম্প সমর্থকরা গতকাল ওয়াশিংটন ডিসিতে তাদের বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যেখানে ১০ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন ছিল, এবার ছিল সেখানে ২৫ হাজার ন্যাশনাল গার্ড। ১৮৬৫ সালে মার্কিন গৃহযুদ্ধের পর ন্যাশনাল গার্ডের এত বেশি সদস্য রাজধানীতে জড়ো করা হয়নি। অভিষেক অনুষ্ঠানে হাজিরের সুযোগ দিতে এর আগে ২ লাখের মতো টিকিট দেওয়া হতো। কিন্তু এবার মাত্র ১ হাজার টিকেট দেওয়া হবে। নেতাকর্মী, সর্মথক ও কর্মকর্তাসহ মাত্র ৩ হাজার মানুষকে শপথ অনুষ্ঠানে প্রবেশের সুযোগ দেওয়া হয়। ন্যাশনাল মলে ১ লাখ ৯১ হাজার ৫০০ পতাকা লাগানো হয়।

প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কমলা

সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র কমলা হ্যারিসকে শপথবাক্য পাঠ করান। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। এটি এক ঐতিহাসিক ঘটনা। কারণ তিনি একজন কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত। তার আগে আরো ৪৮ জন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন যাদের সবাই পুরুষ। শপথ নেওয়ার আগে তিনি একটি টুইট করেছেন যেখানে তিনি বলেছেন, তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি বলেছেন, আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি। নির্বাচনে জয়ের পর কমলা হ্যারিস বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি হয়তো প্রথম নারী, তবে আমি শেষ নারী নই। যেসব ছোট্ট নারীশিশু এই অনুষ্ঠান দেখছে তারা দেখছে যে আমেরিকা হচ্ছে সম্ভাবনার এক দেশ।

ছিলেন সাবেক প্রেসিডেন্টরা

শপথ অনুষ্ঠানে সদ্য বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন না। যুক্তরাষ্ট্রে ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বিদায়ি প্রেসিডেন্ট নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা উপস্থিত ছিলেন। তাদের আনন্দমুহূর্ত উদ্যাপন করতে দেখা যায়। ট্রাম্প না থাকলেও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্ত্রীসহ উপস্থিত ছিলেন।