ফরিদপুরের ভাঙ্গার বগাইল টোলপ্লাজায় যাত্রীবাহী বাস উলটে চার যাত্রী নিহত হয়েছেন। পিরোজপুরে পাথরবোঝাই ট্রলি উলটে চালক নিহত হয়েছেন। চট্টগ্রামের রাউজানে চাঁদের গাড়িতে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহের ত্রিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রাজশাহীতে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে মহাসড়কে উলটে গেছে ফায়ার সার্ভিসের গাড়ি। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
ভাঙ্গা (ফরিদপুর) :ভাঙ্গায় হাইওয়ে এক্সপ্রেসের বগাইল টোলপ্লাজায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।
নিহতরা হলেন—রসিদ মোল্লা (৫৫) চুয়াডাঙ্গা ও নুরজাহান (৩৫)। নিহত আরো দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ১৫ যাত্রীকে উন্নত চিকিত্সার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, কাঠালবাড়ী থেকে লোকাল বাস দুরন্ত পরিবহন ভাঙ্গার উদ্দেশে যাওয়ার পথে টোলপ্লাজার আইল্যান্ডের ওপর উঠে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উলটে যায়।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) :ভাণ্ডারিয়ায় সোনালিকা নামের পাথরবাহী একটি ট্রলি ট্রাক উলটে ড্রাইভার হেলাল (২৮) ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার ছোট মাছুয়া গ্রামের জব্বার হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি ট্রাকটি ভাণ্ডারিয়া থেকে পাথর বোঝাই করে মঠবাড়িয়া উপজেলার তুষখালীতে যাওয়ার পথে তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সামনের সড়কে উলটে যায়।
রাউজান (চট্টগ্রাম) :রাউজানে খেলতে বের হয়ে চাঁদের গাড়ির ধাক্কায় মুক্তামণি (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শহিদ জাফর সড়কে এ ঘটনা ঘটে। নিহত মুক্তামণি হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিনমজুর মো. আজিজের মেয়ে। স্থানীয়রা গাড়িটি আটক করেছে।
ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশালের শালবন পরিবহনের একটি বাসের সঙ্গে সিনজি অটোরিকশার সংঘর্ষে ফাতেমা (৫০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচ জন। নিহত ফাতেমা জেলার ঈশ্বরগঞ্জ থানার ভাটিচর (নওপাড়া) গ্রামের রোসমত আলীর স্ত্রী।
উখিয়া (কক্সবাজার) :কক্সবাজার-টেকনাফ সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত পাঁচ জনের মধ্যে এহসানুল হক মিশেল (২৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে মিশেল।
স্টাফ রিপোর্টার, রাজশাহী :রাজশাহীতে মোটরসাইকেলচালককে বাঁচাতে গিয়ে মহাসড়কে উলটে গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি পিকআপ গাড়ি। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক গুরুতর আহত হয়েছেন।