ক্ষতিপূরণ না দিয়ে উলটো হুমকি

দীর্ঘদিন ধরে কোনো ক্ষতিপূরণ পাচ্ছেন না, উলটো হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আজিয়ার রহমান। গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলন করে আজিয়ার বলেন, গত তিন বছরে ৮ কোটি ৩৬ লাখ টাকার মালামাল ফেরত পাননি। এখন ফেরত তো দিচ্ছেই না, উলটো হুমকি দিচ্ছে। বিপুল পরিমাণ টাকার মালামাল আটকে থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন তিনি।

আজিয়ার রহমান বলেন, ২০১৩ সালে তিনি বনশ্রীতে শহীদুল ইসলামের একটি খালি প্লট ভাড়া নিয়ে মাটি ভরাটের পর আটটি দোকান ও একটি সুইমিং পুল নিজ খরচে তৈরি করেন। এতে প্রায় ২ কোটি টাকা খরচ হয়। ২০১৭ সালে চুক্তি শেষ হওয়ার পর পুনরায় চুক্তি করেন। মাসিক ভাড়াও ঠিকমতো পরিশোধ করেছেন। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর হঠাত্ করেই রাতের আঁধারে জমির মালিক সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে তার সবকিছু ভেঙেচুরে উচ্ছেদ করা হয়। তারা প্রায় ৪ কোটি টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় সুইমিংপুলে কর্মরত প্রশিক্ষিকা পারভীন আক্তার সখিনাকে মারধর করে এবং তার কছে থাকা যাবতীয় স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি। পরে আদালতে মামলা করার পর পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। উলটা জমির মালিক ও তার সন্ত্রাসী বাহিনী নিয়মিত হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি সুরাহার জন্য তিনি সরকারের ঊর্ধ্বতনদের সহযোগিতা কামনা করেছেন।