করোনা ভাইরাস মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি করেছেন সরকারি দলের দুই জন সংসদ সদস্য। গতকাল বুধবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এই দাবি জানান।
লালমনিরহাট-১ আসনে সরকারি দলের এমপি মোতাহার হোসেন বলেন, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভার্চুয়াল ক্লাস হলেও গ্রামের শিক্ষার্থীরা খুব বেশি উপকৃত হতে পারছে না। তাই যতদ্রুত সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।
একই দাবি জানান সরকারি দলের আরেক সদস্য ও সাবেক হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তিনি।
এদিকে, রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে মোতাহার হোসেন বলেন, তিস্তা নদী আমার এলাকার দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীতে পানি নেই। ভারত থেকে যে পানি আসে তা খুব সামান্য। এতে আবাদের কাজ হয় না। তিস্তা চুক্তি যত দ্রুত সম্ভব করা গেলে ঐ অঞ্চলের মানুষ যথেষ্ট উপকৃত হবে।
সরকারি কাজে পরিবেশবান্ধব ইট ব্যবহার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সরকারি দলের এমপি আনোয়ারুল আবেদিন খান বলেন, ২০১৯ সালে সংসদে পরিবেশবান্ধব ইট ব্যবহার নিয়ে একটি আইন পাশ হয়েছিল। কিন্তু আইন পাশের পর তা যদি বাস্তবায়ন না হয় তাহলে এটি করার অর্থ কী?
ছয়টি সংসদীয় কমিটি পুনর্গঠন
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গতকাল সংসদে ছয়টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে। সিরাজগঞ্জের সংসদ সদস্য তানভীর শাকিল জয় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবীব হাসান। এই কমিটির সদস্য ছিলেন প্রয়াত ইসরাফিল আলম।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হয়েছেন মানিকগঞ্জের সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান আগে এই কমিটির সদস্য ছিলেন। ফরিদুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিরও সদস্য ছিলেন। সেখানে রুমানা আলীকে সদস্য করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য করা হয়েছে সংরক্ষিত আসনের শবনম জাহানকে। গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এই কমিটির সদস্য ছিলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির নতুন সদস্য হয়েছেন সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদ।