যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস। যিনি একইসঙ্গে প্রথম কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভুত নারীও। তার শপথ গ্রহণের আগে তাই ভারতের তামিল নাড়ুর একটি ছোট্ট গ্রামে ছিলো সাজ সাজ রব, খুশির আমেজ। আলজাজিরার খবরে বলা হয়েছে, তামিলনাড়ুর থুলাসেন্দ্রাপুরাম গ্রাম কমলার মায়ের পূর্বপুরুষদের বাসস্থান।
অভিষেকের আগে গ্রামের সড়কগুলোতে ঝোলানো হয়েছে কমলার নামে ব্যানার, পোস্টার, ফেস্টুন। বাইডেন ও কমলার নামে নতুন বছরের ক্যালেন্ডার বানিয়ে ঘরে ঘরে বিলি করা হয়েছে। মিষ্টি আর খাবারও বিতরণ করা হয়েছে। স্থানীয় মন্দিরেও প্ল্যাকার্ড ঝুলছে। সেখানে কমলার জন্য প্রার্থনা করতে আহবান জানানো হয়েছে। অনুকম্পা মাধভাসিমহান নামে এক শিক্ষক আল জাজিরাকে বলেন, একজন ভারতীয় বংশোদ্ভুত নারী যুক্তরাষ্ট্রের প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমরা খুবই গর্বিত। আয়োজকদের একজন বিবিসিকে বলেন, আমরা আশা করি, তিনি (কমলা) আমাদের গ্রামে আসবেন। তার অর্জন গ্রামের অনেক নারীকে অনুপ্রাণিত করেছে।
৫৬ বছর বয়সী ডেমোক্র্যাট নেত্রী কমলার জন্ম ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। তার বাবা ছিলেন জ্যামাইকান এবং মা ভারত থেকে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। তবে কমলার পাঁচ বছর বয়সে তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। তার মা শ্যামলা গোপালান হ্যারিস একজন ক্যানসার বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মী। মায়ের কাছেই বড় হয়ে উঠেন কমলা।