নেতৃত্বের টানাপোড়েনের কারণে ভেস্তে যেতে পারে দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার উদ্যোগ। কয়েকটি সভা করেও টানা নেতৃত্ব থেকে সরে আসতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয়ে (বুয়েট) রাজি না হওয়ায় গুচ্ছ পদ্ধতি চালু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গেছে, পরীক্ষার কমিটি ও স্থান নিয়ে বুয়েটের প্রস্তাবে আপত্তি জানিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
বুয়েটের প্রস্তাবে বলা হয়েছে, প্রতি বছর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান বুয়েট থেকে নির্বাচন করতে হবে। পরীক্ষার কেন্দ্র শুধু বুয়েটেই হবে। তবে কমিটিতে অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর অংশীদারিত্ব থাকবে। প্রশ্নপত্র কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি প্রণয়ন করবে। তবে প্রস্তাবের দুটি বিষয়ে রাজি নয় অন্য তিন বিশ্ববিদ্যালয়। তারা পালটা প্রস্তাব দিয়ে বলেছে, নামের আদ্যক্ষর অনুযায়ী পর্যায়ক্রমে প্রত্যেক বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির চেয়ারম্যান নিয়োগ করতে হবে। এছাড়া প্রত্যেক বিশ্ববিদ্যালয়েই পালাক্রমে ভর্তি পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে। এ দুটি বিষয়ে বুয়েট আগামী সপ্তাহে জরুরি একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে গতকাল ইউজিসির সঙ্গে উপাচার্যদের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বুয়েটের উপ-উপাচার্য প্রফেসর আবদুল জব্বার খান বলেন, গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় কোনো ধরনের বিপর্যয় যাতে না ঘটে, সেদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর বলেন, ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে শিক্ষার্থীরা উদ্বিগ্ন। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সবার জন্য মঙ্গলজনক। এ ব্যাপারে সব বিশ্ববিদ্যালয়কে উদারভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি ।
এর আগে দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তির ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এসব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আয়োজনের জন্য একটি টেকনিক্যাল সাব কমিটিও গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গত শিক্ষাবর্ষে কৃষিবিষয়ক সাতটি বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করেছিল। এবারও এই বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেবে। এছাড়া মেডিক্যাল ভর্তি পরীক্ষাতেও সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজনে রাজি হয়নি।