সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সূচক সামান্য বাড়লেও গতকাল টাকার পরিমাণে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, শেয়ারবাজারে লেনদেন শেষে প্রায় সবকটি বিমা কোম্পানির নামের পাশে ‘লাল’ চিহ্ন পড়েছে। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস বিমা কোম্পানিগুলোর শেয়ারের দামে ধস নামল। বিমা কোম্পানির শেয়ারের দামে ধস নামার মধ্যে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো, যার ওপর ভর করে দিনের লেনদেন শেষে ঊর্ধ্বমুখী থেকেছে সূচক।
গতকাল ডিএসইতে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে ৪২টি বিমা কোম্পানি। বিপরীতে দাম বেড়েছে মাত্র চারটির। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ দাম কমা ২০টি স্থানই দখল করেছে বিমা খাতের কোম্পানি। গতকাল মাত্র দুটি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ২২টির। আর আর্থিক খাতের ১৫টির শেয়ারের দাম বেড়েছে এবং দুইটির দাম কমেছে।
ডিএসইর প্রধান মূল্য সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসইর শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
সব কটি মূল্য সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। গতকাল ডিএসইতে ১৩২টি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। বিপরীতে দাম কমেছে ১৪৩টির। আর ৮৫টির দাম অপরিবর্তিত রয়েছে। বেশির ভাগ প্রতিষ্ঠানের দরপতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২১৩ কোটি ৪৫ লাখ টাকা, যা আগের দিন ছিল ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ টাকা। এই হিসাবে লেনদেন কমেছে ২০২ কোটি ৫৯ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে রবির শেয়ার। কোম্পানিটির ২৮১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১৯০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্স। এ ছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, লাফার্জ হোলসিম, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও বিডি ফাইন্যান্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং ৫৩টির দাম অপরিবর্তিত রয়েছে।