সানোফি বাংলাদেশের সিংহভাগ শেয়ার নিচ্ছে বেক্সিমকো ফার্মা

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বেক্সিমকো ফার্মা) সানোফি বাংলাদেশ লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ (৫৪ দশমিক ৬ শতাংশ) শেয়ার অধিগ্রহণের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। সানোফি বাংলাদেশ লিমিটেড ফ্রেঞ্চ ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সানোফির একটি অঙ্গপ্রতিষ্ঠান। ২০১৯ সালে সানোফি বিশ্ববাজারে ৩৬ বিলিয়ন ডলারের বেশি পণ্য বিক্রি করে। সানোফি বাংলাদেশ লিমিটেডে সানোফি গ্রুপের বর্তমানে ৫৪ দশমিক ৬ শতাংশ শেয়ার রয়েছে। অবশিষ্ট প্রায় ২৫ দশমিক ৩৬ শতাংশ বাংলাদেশ সরকারের পক্ষে ইন্ডাস্ট্রি মন্ত্রণালয় এবং ১৯ দশমিক ৯৬ শতাংশ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনসের অধীনে রয়েছে। প্রস্তাবিত চুক্তিটি  বাংলাদেশ সরকারের ছাড়পত্র (ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক ক্রয়-বিক্রয়ের অর্থ লেনদেনের অনুমতিসহ) এবং চূড়ান্ত ক্রয় চুক্তির অপেক্ষায় রয়েছে। আশা করা হচ্ছে, আগামী ৩ থেকে ৯ মাসের মধ্যে চুক্তিটি সম্পন্ন হবে। —প্রেস বিজ্ঞপ্তি