খুবির শিক্ষক বরখাস্ত ও শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) তিন শিক্ষক বরখাস্ত প্রক্রিয়া ও দুই শিক্ষার্থীর বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখা ছাত্র ইউনিয়ন। এ দাবি না মানলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের বশেমুরবিপ্রবি শাখার দপ্তর সম্পাদক সুবর্ণা রায় প্রেরিত এক চিঠিতে এসব তথ্য জানা যায়। এছাড়া এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ছাত্র ইউনিয়নের বশেমুরবিপ্রবি শাখার সভাপতি রথীন্দ্র নাথ বাপ্পী এবং সাধারণ সম্পাদক নাজমুল মিলন এক যৌথ বিবৃতি দিয়েছে।