জয়পুরহাটে অস্ত্র ও গুলি জব্দ, গ্রেফতার ৪

জয়পুরহাটে র্যাব-৫ এর সদস্যরা বুধবার রাতে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার জব্দ করেছে। এ সময় চার জনকে গ্রেফতার করা হয়। তাছাড়া জব্দ করা হয় ২৬ কেজি ৭০০ গ্রাম গাঁজা।

র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকায় প্রথমে অভিযান চালিয়ে ঐ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হলেন—ইমরান হোসেন ও এনামুল হক। অন্যদিকে সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভাদসা বাজার এলাকায় অভিযান চালিয়ে চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার ও শীর্ষ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে—সুব্রত কুমার ও বায়েজিদ হোসেন। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জয়পুরহাট থানায় অস্ত্র আইনে পৃথকভাবে দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নোয়াখালীতে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর এলাকা থেকে বুধবার রাতে চার মামলার পলাতক আসামি ওমর ফারুক সোহানকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি, দুটি কার্তুজ, একটি কিরিচ, ২২ পিস ইয়াবা, এক গ্রাম গাঁজা, ফেনসিডিল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে জেলা ডিবির ওসি মোহাম্মদ হোসাইন আহমেদ জানান, গ্রেফতার সোহানের বিরুদ্ধে এর আগে অস্ত্র, পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্যসহ আরো চারটি মামলা করা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চন্দনাইশে অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেফতার

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চন্দনাইশ উপজেলায় বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে একটি এলজি ও দুইটি কার্তুজ গুলিসহ মুজিব প্রকাশ ডাকাত মুজিবকে গ্রেফতার করেছে পুলিশ। মুজিব বৈলতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাফরাবাদ এলাকার মৃত আবদুল মালেকের ছেলে। পুলিশ ডাকাত মুজিবের বিছানার খাটের নিচে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।