পর্যাপ্ত শীতকালীন সবজি

করোনার প্রাদুর্ভাবের মধ্যেও বাজারে শীতকালীন সবজি

পর্যাপ্ত। দামও নাগালের মধ্যে। এ ব্যাপারে পাঠকের চিন্তা জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে টেলিফোন ও ইমেইলে

প্রাপ্ত পাঠকের মতামত আজ প্রকাশিত হলো

দেশব্যাপী পুরোদমে শীতের আমেজ বিদ্যমান। সেই সঙ্গে রবি মৌসুমের নানান বর্ণের সুলভ মূল্যের সতেজ সবজি যেমন—লাউ, শিম, টম্যাটো, বরবটি, মুলা, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, ব্রকলি, ধুন্দল, কুমড়া, শসা, গাজরের পর্যাপ্ত সমারোহ বাজারে দৃশ্যমান। প্রোটিন, ভিটামিন ও মিনারেল, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়াম প্রভৃতি পুষ্টিগুণে ভরপুর এসব শীতকালীন সবজি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের সুস্থ রাখতে সমধিক ভূমিকা পালন করে থাকে। সবজিখেত থেকে সঠিক পদ্ধতিতে সংগ্রহ ও বাজারজাতকরণের ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে নিশ্চিত করা গেলে সবজি উত্পাদন প্রক্রিয়ায় অর্থের অপচয় রোধ হবে, আমাদের পরিশ্রমী কৃষকরা অপেক্ষাকৃত বেশি মুনাফার মুখ দেখবেন এবং দেশে সবজি উত্পাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভবপর হবে।

ওয়ারেছ অলী খান

সদর, নরসিংদী

করোনার ক্রান্তিকালেও বাজারে শীতকালীন সবজির চাহিদা ও জোগানের ভারসাম্য ঠিক থাকায় প্রান্তিক কৃষকদের সাধুবাদ প্রাপ্য। তাদের নিরলস শ্রমের বদৌলতেই আমরা সবাই সুলভে তরতাজা ও বাহারি সব সবজির স্বাদ নিতে পারছি। তবে প্রথমদিকের তুলনায় এখন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় উল্লেখযোগ্য হারে কমেছে দাম। পাশাপাশি অনেক স্থানে হিমাগার সংকট,  বাজার ব্যবস্থাপনার দুর্বলতা এবং অত্যধিক পরিবহন খরচের প্রভাবে প্রান্তিক পর্যায়ে অনেক কৃষক ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছেন। সেক্ষেত্রে লাভবান হচ্ছে মধ্যস্বত্বভোগী ফড়িয়া ও আড়তদাররা। ফলে অনেক কৃষকের উত্পাদন খরচ তুলতে বেগ পেতে হচ্ছে। কৃষকদের উত্পাদিত সবজির ন্যায্য দাম নিশ্চিতে সরকার ও সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

আবু ফারুক

সদর, বান্দরবান

দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস সবজির বাজারে। গরিব মানুষের খাদ্য তালিকায় তরকারির সমাহার। এক দিকে বর্ষা অন্যদিকে করোনার কারণে জনজীবনে হাহাকার নেমে আসে। সব মিলিয়ে আলুসহ সব ধরনের সবজির বাজার নিয়ন্ত্রণে, বাজারে এখন শান্তির ঢেউ।

মনোজ কুমার বিশ্বাস

পার্বতীপুর, দিনাজপুর

শীতকালীন সবজির বাম্পার ফলন আমাদের কৃষির জন্য যেমন সফলতার, তেমনি আমাদের কৃষকদের জন্য সুখকর বিষয়। সবজির দাম নাগালের মধ্যে হলেও প্রান্তিক চাষিরা উপযুক্ত মূল্য পাচ্ছে কি না তা দেখার বিষয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমাদের কৃষকরা উত্পাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। মধ্যস্বত্বভোগী বা ফড়িয়ারা  কৃষকদের জিম্মি করে কম বা নামমাত্র মূল্যে পণ্য কিনে বেশি দামে বিক্রি করেন। আমাদের কৃষকরা যাতে সবজির ন্যায্য দাম পায়, মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের দৌরাত্ম্য যাতে কমে যায়, সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারিভাবে উপযুক্ত মূল্য কৃষকদের কাছ থেকে সবজি ক্রয়ের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে পর্যাপ্তসংখ্যক হিমাগার স্থাপন করে সবজি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে সবজির এই বাম্পার ফলন আমাদের কৃষি ও কৃষকের মুখ উজ্জ্বল করবে।

মনিরুল হক রনি

সাভার, ঢাকা

রবিশস্য আমাদের দেশে আবহমানকাল ধরে চাষাবাদ হয়ে আসছে। শীতকালীন সবজিসহ সব কৃষিপণ্যের উত্পাদন পর্যাপ্ত এবং দামও নাগালের মধ্যে। এই উত্পাদিত কৃষিপণ্যসামগ্রী উপযুক্ত ও সাশ্রয়ী মূল্যে সংরক্ষণ না করার ফলে কৃষকদের প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। কাজেই কোল্ডস্টোরেজসহ অন্য মাধ্যমে উপযুক্ত ও সাশ্রয়ী মূল্যে সিজনে কৃষকদের উত্পাদিত কৃষিপণ্যসামগ্রী সংরক্ষণের ব্যবস্থা করলে সারা বছর আমরা শাকসবজি সুলভ মূল্যে ক্রয় করতে সক্ষম হব এবং উত্পাদনকারী কৃষকেরাও আর্থিকভাবে লাভবান হবে।

ভুঁইয়া কিসলু বেগমগঞ্জী

বেগমগঞ্জ, নোয়াখালী

আমাদের দেশে বছরের প্রায় সব সময় কমবেশি শাকসবজি ও ফলমূল পাওয়া যায়। তবে ষড় ঋতুর আবর্তে শীতকালই শাকসবজি ও ফলমূলের জন্য উপযুক্ত সময়। শীতকালে এসব মৌসুমি সবজি বা ফল গ্রহণের মাধ্যমে আমরা সহজেই শরীরের চাহিদা মোতাবেক পুষ্টি উপাদান, বিশেষ করে ভিটামিন ও মিনারেলসের চাহিদা পূরণ করতে পারি।

মেনহাজুল ইসলাম তারেক

পার্বতীপুর, দিনাজপুর

করোনার প্রাদুর্ভাবের মধ্যেও বাজারে শীতকালীন সবজি এখন পর্যাপ্ত। আমাদের কৃষক লকডাউনে বসে থাকেনি। তারা চলমান। সবজিসহ অন্যান্য সামগ্রীর দামও নাগালের মধ্যে থাকুক।

মেজবাহউদ্দিন সেলিম

ইব্রাহিমপুর, ঢাকা

শীতকালে আমাদের গ্রামেগঞ্জের সবজি খেত ফসলে ভরপুর হয়ে যায় আর শহরের বাজারে থাকে নানা রঙের সবজির সমাহার। শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস রয়েছে শীতকালীন সতেজ শাকসবজিতে। তাই শরীরকে ফিট রাখতে হলে আমাদের নিয়মিত শাকসবজি খাওয়ার কোনো বিকল্প নেই ।

বিলকিছ আক্তার

কাউনিয়া, রংপুর

শীতের শাকসবজি পুষ্টিগুণে ভরপুর। আমাদের শরীরের প্রয়োজনীয় কার্বোহাইড্রেড, প্রোটিন কিংবা ফ্যাটের পাশাপাশি মিনারেলস এবং ভিটামিন -এর চাহিদা পূরণে শীতের শাকসবজির ভূমিকা অন্যতম। বাজারে প্রচুর শাকসবজির সরবরাহের পাশাপাশি দাম নাগালের মধ্যে থাকায় সাধারণ মানুষ এর উপকারিতা ভোগ করতে পারছে।

মোহাম্মদ শহীদ উল্যা

মেরাদিয়া, ঢাকা

প্রতি বছর শীতকালে প্রচুর পরিমাণে শাকসবজি উত্পাদিত হয়। এবার করোনার প্রাদুর্ভাবের মধ্যেও বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত রয়েছে। এই শাকসবজি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর বটে। এই সুস্বাদু শাকসবজি গরিব কৃষকেরা উত্পাদন করে থাকেন। তবে তাদের যথার্থ মূল্যায়ন করা হয় না।

অ্যাডভোকেট এস কে মোহাম্মদ রমিজউদ্দিন

মিরপুর, ঢাকা

বাংলাদেশে শীতকালীন মৌসুমেই সবজির উত্পাদন সবচেয়ে বেশি। এ বছর করোনার প্রাদুর্ভাবের মধ্যেও বাজারে এখন শীতকালীন সবজি পর্যাপ্ত। আমাদের দেশের কৃষকরা অনেক পরিশ্রমী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কৃষকদের ন্যায্য মর্যাদা বা মূল্যায়ন নেই। তাই কৃষকের সঠিক মূল্যায়ন করতে হবে।

শিশির

পিলখানা, ঢাকা

করোনার প্রাদুর্ভাবের মধ্যেও বাজারে শীতকালীন সবজি এবার পর্যাপ্ত। যদিও আমরা বলে থাকি—‘মাছে ভাতে বাঙালি’ তবুও সবজির কদর কম নয়। কৃষকেরা এই করোনার মধ্যেও বসে ছিল না। ফসলের মাঠে তাদের বিচরণ ছিল অবিরাম । তাই তাদের দিকে আমাদের  যথাযথভাবে নজর দেয়া দরকার।

মো. খায়রুল ইসলাম ফুল

আরাপপুর, ঝিনাইদহ

করোনার মধ্যেও সারা দেশে বাজারে এসেছে পর্যাপ্ত দেশি সবজি। বছরের অন্য সময়ে যে পরিমাণ শাকসবজি উত্পাদিত হয়, তার মধ্যে শীতকালে অনেক বেশি উত্পাদিত হয়। এর মূল উত্পাদনকারী আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা।

শহীদুল ইসলাম রয়েল

মধ্যেপাড়া, বগুড়া

করোনার মধ্যেও বাজারে এসেছে পর্যাপ্ত পরিমাণ দেশীয় আলু, পেঁয়াজ, ফুলকপি, বাঁধাকপি, টম্যাটো, বরবটি, মুলা, শিম, গাজর, পালংশাকসহ বিভিন্ন শীতের শাকসবজি। এই শীতে সবজির দামও কম পাচ্ছে ক্রেতা। কাঁচাবাজারে সবজির দাম কমে ক্রেতা স্বস্তিতে থাকলেও স্বস্তিতে নেই সবজিচাষি কৃষকরা। শীতের সবজির পাশাপাশি চালের বাজারদর কম থাকলে স্বল্প আয়ের মানুষ স্বস্তি পেত।

ফারুক আহমেদ

বাগমারা, রাজশাহী

করোনার প্রাদুর্ভাবের মধ্যেও আমাদের দেশে শীতের সবজির উত্পাদন বহুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশে কৃষকরা শুধু সবজি নয়, খাদ্যসামগ্রী উত্পাদনের জন্যও দিন-রাত অবিরাম পরিশ্রম করছেন। তাই তারা সবজিসহ সব খাদ্যসামগ্রীর উত্পাদন বৃদ্ধি পাচ্ছে।

আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম চৌধুরী (হিফ্জু)

রাজশাহী

চলমান করোনা ও বন্যার মতো বিধ্বংসী দুর্যোগ মোকাবিলা করেও দেশের বিভিন্ন প্রান্তের কৃষকগণের অদম্য পরিশ্রমে আজ বাজারে শীতকালীন সবজির জোয়ার বইছে। সব শ্রেণির মানুষ ন্যায্যমূল্যে পছন্দের সবজি পাচ্ছে। তবুও মধ্যস্থভোগী ও আড়তদারদের দাপটে প্রত্যন্ত অঞ্চলের সবজিচাষিরা প্রত্যাশিত মুনাফা ভোগ করতে পারছেন না। অনেকক্ষেত্রে সবজির দামের চেয়ে পরিবহন ব্যয় বেশি হওয়ায় স্থানীয় কৃষকগণ কম দামে পণ্য বিক্রি করছে।

মোহাম্মদ ফয়সাল

পূর্ব মাদারবাড়ী, চট্টগ্রাম

বাজারে শীতকালীন সবজির এখন ভরা মৌসুম চলছে। সব সবজির দাম ক্রেতা ও ভোক্তাদের সাধ্যের মধ্যে। অনেক জায়গায় আবার পানির দামেও কিছু সবজি বিক্রি হচ্ছে। এতে করে স্থানীয় পর্যায়ের চাষিরা প্রত্যাশিত মুনাফার মুখ দেখছে না।

এএফএম সালাহউদ্দীন

বান্দরবান

২০২০ সালের মার্চের শেষের দিকে করোনার প্রাদুর্ভাবের কারণে ব্যবসাবাণিজ্য চরম ব্যাহত হয়। কলকারখানা বন্ধ হয়ে পড়ে। অফিস-আদালতের কাজকর্ম স্থীর হয়ে যায়। গেল বর্ষায় অতিবৃষ্টি বন্যায়, উজানের ঢলে নিচু ভূমিতে, পানির সঙ্গে পলি এসে মাটির উর্বরতা বৃদ্ধি করে। কর্মহীন বেকার মানুষ গ্রামগঞ্জে, নিজ এলাকায় অবস্থানের সুযোগে, খেত খামারে নিজ বাড়ির আঙিনায় শীতকালীন সবজিসহ কৃষি কাজে মনোযোগী হয়। সবজিসহ সব ফসলাদি ভালো ফলন হয়। ফলে বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত পাওয়া যায়। এ কারণে দাম নাগালের মধ্যে রয়েছে ।

মো. জিয়াউল হক সরকার

পূবাইল, গাজীপুর

করোনার প্রাদুর্ভাবের মধ্যেও বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত। কৃষকের নিষ্ঠা ও কাজের দক্ষতার জন্যই আমরা করোনার মধ্যেও শীতকালীন সবজিসহ অন্যান্য ফসল পাচ্ছি।

সুলতানা জামান

মানিকনগর, ঢাকা

করোনা সত্ত্বেও শীতকালীন শাকসবজির দাম কমে গেছে। এটা জনসাধারণের জন্য খুশির খবর; কিন্তু যারা কৃষিকাজের সঙ্গে জড়িত এবং উত্পাদন করে থাকেন তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। এমনও দেখা গেছে যে, এসব শীতকালীন সবজি যেসব পরিবহনে নেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে তাদের গাড়ি ভাড়াও ওঠেনি। ফলে পরবর্তী সময় অনেক জাগায় সবজির দাম বেড়ে গেছে।

মাখরাজ খান

সাটুরিয়া, মানিকগঞ্জ

চারদিকে করোনার প্রার্দুভাব চলছে। করোনার টিকা এসে যাচ্ছে। এর মধ্য দিয়ে স্বস্তি ফিরে এসেছে মানুষের মনে। অন্যদিকে বাজারে শীতকালীন সবজি এখন অনেক, দামও তেমন বেশি নয়। সব ধরনের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। তবে আমাদের প্রত্যাশা—শুধু শীতকালীন সবজি নয়, অন্যান্য খাদ্যসামগ্রীও যেন সব সময়ে নাগালের মধ্যে থাকে।

মারুফুজ্জামান

বাসাবো, ঢাকা

পর্যাপ্ত শীতকালীন সবজি এখন বাজারে, দামও নাগালের মধ্যে। যেহেতু করোনাকালে বাজারের সব খাদ্যসামগ্রী পর্যাপ্ত—এটা আমাদের জন্য সৌভাগ্যের। আমাদের প্রত্যাশা প্রতিটি খাদ্যসামগ্রীর মূল্য যেন স্থিতিশীল থাকে।

রিফাত

উত্তরা, ঢাকা