ব্যাটসম্যান সাকিবের অপেক্ষা আজ

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান ফিরলেন তার মতো করেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে কিপ্টে বোলিংয়ে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। তবে সাকিব যেহেতু অলরাউন্ডার, সেহেতু তার ব্যাটিংটাও সমান গুরুত্ব বহন করে বাংলাদেশ দলে। কিন্তু সেদিন বোলিংয়ের সমান হাসেনি সাকিবের ব্যাট।

অবশ্য ১২৩ রানের লক্ষ্যে বেশি কিছু করার ছিল না। তবু ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল সাকিবের সামনে। কিন্তু পারেননি। প্রিয় ৩ নাম্বার পজিশনের বদলে চারে নেমে ১৯ রানে স্পিনার আকিল হোসেনের বলে বোল্ড হন তিনি। ম্যাচ শেষ করতে না পারার আক্ষেপ আছে সাকিবেরও। তাই যেন গতকাল অনুশীলনে সাকিব পুরোটা সময়ই ব্যয় করেন ব্যাটিং নিয়ে। আভাস দেন দ্বিতীয় ওয়ানডেতে রানের ফোয়ারা ফোটানোর। যার অপেক্ষায় আছেন টাইগার ক্রিকেটপ্রেমিরাও।