কুমিল্লায় হার নিয়ে ফিরেছে মোহামেডান

কুমিল্লার ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম নিজ ভেন্যুতে গিয়ে আগের বার বসুন্ধরাকে হারিয়ে বড় জয় নিয়ে ঢাকায় ফিরেছিল মোহামেডান। সেই ভেন্যুতে এবার মোহামেডান জয় নিয়ে ফিরতে পারেনি। গতকাল সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে প্রিমিয়ার লিগের খেলায় মোহামেডান হেরেছে ২-১ গোলে। প্রথমার্ধে ২-০তে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে জাপানি মিডফিল্ডার উরু নাগাতার গোলে ৬০ মিনিটে ব্যবধান কমিয়েছিল মোহামেডান, ১-২। কিন্তু হার বাঁচাতে পারেনি সাদাকালোরা। ৪৪ মিনিটে আরিফুর রহমান, প্রথমার্ধের যোগ হওয়া সময়ে নাইজেরিয়ান জনকোলি সাইফের গোল করেন।

মোহামেডান এবং সাইফ স্পোর্টিং ক্লাব ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই লড়াইটা দারুণ হয়েছিল। ১২০ মিনিটের খেলা শেষ পর্যন্ত সাডেন ডেথে নিষ্পত্তি হয় এবং সাইফ জিতেছিল। সাইফ বলতে পারবে না তারা সহজেই জয় নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়েছিল। বেলজিয়ান কোচ পল পুটের বুক কাঁপিয়ে দিয়েছিলেন মোহামেডানের ইংলিশ কোচ শন লেন। সেই ম্যাচের স্মৃতি ধরে কাল কুমিল্লার দর্শকও মাঠে গিয়েছিল। নতুন সাজে নতুন পরিবেশে গড়ে উঠা স্টেডিয়ামের গ্যালারিতে বসে ছিলেন হাজারখানেক নারী পুরুষ। মোহামেডান সমর্থকরা জয়ের মুখ দেখতে না পারলেও খুশি ছিলেন সাইফের জার্সি গায়ে ব্যানার হাতে দর্শক। কুমিল্লায় রবিবার বুসুন্ধরা- ব্রাদার্স ম্যাচ।

চট্টগ্রাম আবাহনী প্রথম জয়

বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকালের খেলায় চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে আরামবাগকে হারিয়ে লিগে প্রথম জয়ের মুখ দেখেছে। প্রথম ম্যাচে শেখ জামালের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। সেই ম্যাচে ২-০ গোলে পিছিয়ে ছিল কোচ মারুফুল হকের দল। শেষ গোলটি করেছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার নিক্সন রোচা। গতকাল সেই নিক্সনই গোল করে জয় এনে দিলেন। ম্যাচের ৩০ মিনিটে নিক্সনের গোলে চট্টগ্রাম আবাহনী ম্যাচ জিতেছে। আরামবাগের দুর্বল দলের বিপক্ষে দ্বিতীয় গোলের মুখ দেখেনি চট্টগ্রাম আবাহনী। আরামবাগ দ্বিতীয় হার মাথায় নিল। 

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২-১ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে। শেখ জামাল ২ ম্যাচে ২ জয় পেল। মুক্তিযোদ্ধা প্রথম খেলায় হার দিয়ে লিগ শুরু করল। গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর জোবে ১-০, দ্বিতীয়ার্ধে  গোলকিপার প্রিতমকে কাটিয়ে গোল করে দর্শকদের দিকে মুখ করে স্যালুট দেন শেখ জামালের অধিনায়ক সলোমন কিং (২-০)। মাথায় আঘাত পেয়ে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়েন মুক্তিযোদ্ধার মিডফিল্ডার তারিকুল ইসলাম। ৮৩ মিনিটে মুক্তিযোদ্ধার অধিনায়ক ও জাপানি মিডফিল্ডার ইউসুকো কাতোর একটি শট বারে লেগে ফেরে। শেষক্ষণে মুক্তিযোদ্ধার মেহেদী গোল করেন ১-২।