রোনালদোদের সুপারকোপা জয়

ক্রিশ্চিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে ন্যাপোলিকে ২-০ ব্যবধানে হারিয়ে সুপারকোপার শিরোপা জিতেছে জুভেন্তাস। অন্যদিকে তৃতীয় সারির দল আলকয়ানোর বিপক্ষে ২-১ গোলে হেরে কোপা দেল রের তৃতীয় পর্ব থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ।

বুধবার ইতালীয় সুপার কাপ হিসেবে পরিচিত সুপারকোপায় মুখোমুখি হয় আগের মৌসুমের সিরি আ চ্যাম্পিয়ন, জুভেন্তাস ও কোপা ইতালিয়া চ্যাম্পিয়ন, ন্যাপোলি। ম্যাপেই স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে যান জুভেন্তাসের পর্তুগিজ মহাতারকা রোনালদো। দ্বিতীয়ার্ধের বাড়তি সময়ে মোরাতার গোলে জয় নিশ্চিত করে ‘তুরিনের বুড়িরা’। এই জয়ের ফলে কোচ হিসেবে প্রথম শিরোপার দেখা পেলেন আন্দ্রেয়া পিরলো।

ওদিকে স্পেনে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের পথ ধরল রিয়াল মাদ্রিদও। দুই সপ্তাহ আগেই তৃতীয় সারির দল করনেলের কাছে হেরে শিরোনাম হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার একই পরিণতি হলো রিয়ালেরও। বুধবার তৃতীয় সারির দল আলকয়ানোর বিপক্ষে শুরুটা ভালোই করেছিল জিনেদিন জিদানের দল। প্রথমার্ধের শেষ মিনিটে এডের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে সমতা ফেরায় আলকয়ানো। ১-১ ব্যবধানে নির্ধারিত সময় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত ৩০ মিনিটের ১০ম মিনিটে আলকয়ানোর একজন লাল কার্ড দেখে মাঠ ছাড়ে। বাকি ১০ মিনিটে ১০ জনের আলকয়ানোর বিপক্ষে কোনো সুবিধা নিতে তো পারেই নি রিয়াল, বরং ১১৫ মিনিটে গোল খেয়ে বসলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় মার্সেলোদের। এই লজ্জাজনক বিদায়ের পর আবার প্রশ্ন উঠেছে ম্যানেজার জিনেদিন জিদানকে নিয়ে। তবে এই অস্তিরতার মধ্যেও শান্ত আছেন জিদান, ‘হারলে কথা উঠবেই। এই পরাজয়ের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। এখন যা হওয়ার হবে। আমি খুবই শান্ত আছি।’