ক্যাসিনোর আদলে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে আলমাছ প্রধান (৪০) নামে এই চক্রের মূল ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময়ে তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত পাঁচটি মোবাইল ফোন, একটি ৫ লাখ টাকার অলিখিত চেক ও দুইটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোর রাতে কুমিল্লার র্যাব-১১, সিপিসি-২-এর একটি টিম চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে একাধিক ‘মোবাইল অ্যাপসের’ মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী আলমাছ প্রধানকে গ্রেফতার করে। সে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার হাজী মো. বাদশা প্রধানের ছেলে।
কুমিল্লার র্যাব-১১-এর কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত আলমাছ দীর্ঘদিন ধরে মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তার সহযোগীদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা হয়েছে।