বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আজকে পরিকল্পিতভাবে দেশের মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, দেশের মানুষকে তাদের যে পরিচিতি আছে, সেখান থেকে দূরে ঠেলে দিতে চাইছে। আজকে একটা ষড়যন্ত্র চলছে যে, বাংলাদেশ তার যে স্বতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব তাকে ভুলে গিয়ে সে অন্য জায়গায় নতজানু হয়ে থাকুক—এভাবে পরিকল্পনা চলছে। দেশকে ‘নতজানু’ করে রাখার ষড়যন্ত্র চলছে।
গতকাল বৃহস্পতিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে দলের এক ওয়েবিনারে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। এতে মূল প্রবন্ধ পাঠ করেন শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ।
মহাসচিব বলেন, আমাদের স্লোগান একটাই—আমরা আজকে শৃঙ্খলিত হতে চাই, আমরা আজকে মুক্ত হতে চাই এবং মানুষকে এ অবস্থা থেকে বাঁচাতে চাই। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা বিরোধিতা করে। কিন্তু আজকে যখন পাসপোর্ট তৈরি করেছে নতুন করে, সেই পাসপোর্টেও বাংলাদেশি জাতীয়তাবাদ রাখতে বাধ্য হয়েছে। আসলে ওটাই সত্য ও ওইটাই সঠিক কথা।
কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে সদস্যসচিব ইসমাইল জবিহউল্লাহর সঞ্চালনায় আলোচনাসভায় স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, গয়েশ্বর রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।