সবার আগে টিকা নিতে আগ্রহী অর্থমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা টিকা সবার আগে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার বিকালে অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। করোনার ভ্যাকসিন নেবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। সরকার যে ভ্যাকসিন আনছে সেটাই নেবেন কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি। ভ্যাকসিনের দাম কত পড়বে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের কাজ অর্থের সংস্থান করা, সেটা প্রধানমন্ত্রীর নির্দেশনায় করা হয়েছে।

ক্রয় কমিটির বৈঠকে আটটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, সভায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় কোভিড-১৯ ভ্যাকসিন (অক্সফোর্ড এস্ট্রাজেনিকা ভ্যাকসিন, এসএআরএস-সিওভি-২ এজেডডি ১২২২) সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া থেকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ কোটি ডোজ ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ২৭১ কোটি ৫৫ লাখ টাকা।

সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো—বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর নিকট থেকে ১০ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৬ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। অন্য এক প্রস্তাবে কাফকো হতে ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৬ কোটি ২৯ লাখ ২৮ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে ১২তম লটে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার ৫৬ কোটি ১ লাখ ৩৯ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

সভায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর ও নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ ২৪৪ কোটি ৫০ লাখ ৪৫ হাজার টাকায় ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন কর্তৃক তিনটি আধুনিক ইনল্যান্ড প্যাসেঞ্জার ভেসেল ১৪২ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকায় নির্মাণ ও সরবরাহের প্রস্তাব এবং আটটি কোস্টাল সি-ট্রাক ১৩২ কোটি ১ লাখ ৭২ হাজার টাকায় নির্মাণ ও সরবরাহের পৃথক ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় রাজারবাগ পুলিশ লাইন্স ঢাকায় ২০তলা আবাসিক ভবন নির্মাণকাজের পূর্ত কাজ ৮০ কোটি ২৪ লাখ ৪০ হাজার ৮০৩ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।