ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের বিচার পেছানোর অনুরোধ রিপাবলিকানদের

বিবিসি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সিনেটে অভিশংসনের বিচার পিছিয়ে দেওয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রতি আহ্বান জানিয়েছে রিপাবলিকান সদস্যরা। আত্মপক্ষ সমর্থনে ট্রাম্পকে প্রস্তুতি নেওয়ার জন্য কমপক্ষে দুই সপ্তাহ সময় দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার এক কনফারেন্স কলে সিনেটের মাইনরিটি দলের নেতা মিচ ম্যাককনেল এ আহ্বান জানান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ি প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করে। ১৩ জানুয়ারি সে প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়। ২৩২-১৯৭ ভোটে পাশ হয় প্রস্তাবটি। ১০ জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয় বারের মতো কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠাতে হবে। সেখানে বিচার প্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাশ হতে হবে এটি।

২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এবার উচ্চকক্ষ সিনেটেও ট্রাম্পের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে চায় ডেমোক্র্যাটরা। কোনো প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে সিনেটে অভিশংসন বিচার শুরুর ঘটনা এটাই প্রথম। ডেমোক্র্যাটরা কত দ্রুততার সঙ্গে অভিশংসন প্রস্তাবটি সিনেটে প্রেরণ করবেন তা এখনো নিশ্চিত নয়। তবে এ নিয়ে জোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার রিপাবলিকান সিনেটরদের সঙ্গে টেলিফোন কনফারেন্সে অংশ নেন সিনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল। এক বিবৃতিতে ম্যাককনেল বলেন, ‘সিনেট রিপাবলিকানরা এ নীতিতে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ যে সিনেটের ইনস্টিটিউশন, প্রেসিডেন্টের কার্যালয় এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ প্রক্রিয়ার দাবিদার। যা তার অধিকার এবং গুরুতর বাস্তব, আইনি ও সংকটে থাকা সাংবিধানিক প্রশ্নগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকবে।’

ম্যাককনেল বলেন, আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত যেন সিনেটে ইম্পিচমেন্ট আর্টিকেল না পাঠানো হয় সে ব্যাপারে হাউজ ডেমোক্র্যাটদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে বিচার পূর্ববর্তী আত্মপক্ষ সমর্থন ও যুক্তি-তর্ক উপস্থাপনের ক্ষেত্রে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন ট্রাম্প। এর মানে হলো, সিনেটে তখন অভিশংসন বিচার প্রক্রিয়া শুরু হতে ফেব্রুয়ারির মাঝামাঝি লেগে যাবে। এদিকে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে রিপাবলিকানরা। সেক্ষেত্রে সময় বাড়ানোর ব্যাপারে ডেমোক্র্যাট মেজরিটি দলের নেতা চাক শুমারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে রিপাবলিকানদের।