সংবাদ সংক্ষেপ

বিএসএফের হাতে বাংলাদেশি আটক

 নওগাঁ প্রতিনিধি নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি গরু ব্যবসায়ী মোশারফ হোসেনকে আটক করেছে বিএসএফ। শুক্রবার ভোররাতে উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে বিএসএফ-৫৯ মালদা জেলার টেক্কাপাড়া ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করে। মোশারফ হোসেন পোরশা উপজেলার কালাইবাড়ি ভুট্টাপাড়ার নুর আলীর ছেলে। বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মোশারফ হোসেনকে ফিরিয়ে দিতে কোম্পানি পর্যায়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।

বিরামপুরে ইউপি সদস্যসহ গ্রেফতার ১৩

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা বিরামপুর থানা পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ চার জুয়াড়ি এবং ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে। থানার ওসি মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোচগ্রাম গেন্ডার বাজারে একটি ঘরে জুয়া খেলা অবস্থায় একলাছুর রহমান, গোলাম মোস্তফা, মশরেফ আলী এবং সিরাজুল ইসলামকে তাস ও ৪ হাজার ১৫০ টাকাসহ গ্রেফতার করা হয়। দিওড় ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, আটক একলাছুর রহমান ঐ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য। অন্যদিকে একই রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

রাজিবপুরে আগাম ইরি চাষে ব্যস্ত কৃষক

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা আমন  ধানের  ভালো  ফলন  ও  দাম পেয়ে  চলতি মৌসুমে নতুন উদ্যমে আগাম ইরি চাষে ঝুঁকছেন রাজিবপুরের কৃষক। আর তাই তারা জমি প্রস্তুত, সেচ, হালচাষ, চারা সংগ্রহ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন।  উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ২ হাজার ৩৮৫ হেক্টর জমিতে ইরি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সদর ইউনিয়নের কৃষক আবুল কালাম বলেন, এবার আমন চাষ করে লাভবান হয়েছি। তাই লাভের আশায় আগাম ইরি আবাদও শুরু করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রায়হান জানান, আধুনিক পদ্ধতিতে ইরি আবাদে কৃষকদের পরামর্শ দিচ্ছি।

মীর্জাগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জের উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে শুক্রবার সকালে নাসরিন সুলতানা সোহাগী (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মীর্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ব্যাপারে মীর্জাগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পাকশীতে ইয়াবাসহ গ্রেফতার ১

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীর পাকশীতে শুক্রবার ভোরে ৩৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আমির হোসেন। পাকশী গাইড ব্যাংকের হঠাত্পাড়া থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

রাইস প্ল্যান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে চাষাবাদে ব্লক প্রদর্শনীর ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক কৃষি মাঠে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার পলাশতলী ইউনিয়নে রাইস প্ল্যান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা লাগানোর কার্যক্রম উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

 

 

 

০