স্পোর্টস রিপোর্টার
টেস্ট সিরিজে নামার আগে আগামী ২৯ থেকে ৩১ জানুয়ারি চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রস্তুতি ম্যাচে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। গতকাল নুরুল হাসান সোহানের নেতৃত্বে ১৪ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বিসিবি। সোহান ছাড়াও টেস্টের প্রাথমিক দলে থাকা চার ক্রিকেটার আছেন এই দলে।
এদিকে বিসিবি একাদশে নাম না থাকলেও প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন আঙুলের ইনজুরি কাটিয়ে ওঠা বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন।
টেস্ট দলের বাইরে থেকে ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষা হয়েছে গতকাল। প্রধান নির্বাচক বলেছেন, আগামী ৩১ জানুয়ারি দুই টেস্টের সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত টেস্ট দল ঘোষণা হতে পারে। আর দলটা ১৮ সদস্যের হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ :নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হূদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহীন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ, শরীফুল ইসলাম ও খালেদ আহমেদ।