সালমাদের কোচ হচ্ছেন না রবিনসন

স্পোর্টস রিপোর্টার

গত মাসেই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে শোনা গিয়েছিল ইংল্যান্ডের মার্ক রবিনসনের নাম। বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলই বলেছিলেন, ইংলিশ এই কোচের সঙ্গে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত হয়েছে। চলতি মাসেই বাংলাদেশে এসে চুক্তি করা ও নারী দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল রবিনসনের। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে ফেলেছেন তিনি।

পরিবার রাজি না থাকায় এবং স্বদেশে চাকরি পেয়ে যাওয়ায় সালমা-রুমানাদের হেড কোচ হচ্ছেন না রবিনসন। কাউন্টি দল ওয়ারউইকশায়ারের কোচ হিসেবে যোগ দিচ্ছেন ইংল্যান্ড নারী দলকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো ৫৪ বছর বয়সি এই কোচ। তাই বাধ্য হয়ে নারী দলের জন্য নতুন হেড কোচ খুঁজতেই হচ্ছে বিসিবিকে।

বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এ সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মার্ক রবিনসন পারিবারিক জটিলতার কারণে এখানে আসতে চাচ্ছেন না। শুনেছি নিজ দেশের একটি ক্লাবে চাকরি নিয়েছেন। তার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। এমনটা হবে ভাবিনি। এখন আমাদের নতুন কাউকে খুঁজতে হচ্ছে। আসলে করোনা পরিস্থিতির কারণে আমাদের কোচ নিয়োগ দিতে অনেক সময় লাগছে। করোনার আশঙ্কায় অনেকেই ভ্রমণ করতে ভয় পাচ্ছে।’ বর্তমানে সিলেটে ক্যাম্প চলছে নারী দলের।