রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদানের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, খবর স্প্যানিশ পত্রিকা মার্কার। শনির দশা যেন আর কাটছেই না জিদানের। দুদিন আগেই তৃতীয় সারির এক দলের কাছে হেরে কোপা দেল রে থেকে বাদ পড়ল তার দল। এবার কিছু দিনের জন্য দল থেকে ছিটকে গেলেন তিনিও। আলাভেজের বিপক্ষে ম্যাচ উপলক্ষ্যে শুক্রবার আয়োজিত প্রেস কনফারেন্সের আগে খবর আসে জিদানের করোনায় আক্রান্ত হওয়ার। যে কারণে আর প্রেস কনফারেন্সে আসা হয়নি এই ফরাসি কোচের। শনিবার আলাভেজের বিপক্ষে অনুষ্ঠিতব্য লিগ ম্যাচে ডাগআউট থেকে কোচের দায়িত্ব পালন করবেন জিদানের সহকারী ডেভিড বেটনি। আলাভেজের পর রিয়াল তাদের পরবর্তী দুই ম্যাচ খেলবে লেভান্তে (জানুয়ারি ৩০) ও হুয়েস্কার (ফেব্রুয়ারি ৬) বিপক্ষে। জিদান কবে ফিরবেন সেটা নির্ভর করবে কত দ্রুত তিনি সেড়ে উঠতে পারেন তার ওপর।