রূপগঞ্জে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর গ্রামের সাফিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে বৃদ্ধার নির্জন বাড়িতে রান্না করার সময় এ ঘটে।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম জসিম উদ্দিন জানান, নিহত সাফিয়ার স্বামী শাহ্জালাল ভুঁইয়া গতকাল জুমার নামাজ পড়তে মসজিদে যান। এ সময় অজ্ঞাত তিন/চার জন দুর্বৃত্ত সাফিয়ার বাড়িতে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা সাফিয়ার গলায়, পেটে ও বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে গলা ও কানের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এক পর্যায়ে সাফিয়ার চিত্কারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।