নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে গোলাগুলি, রোহিঙ্গা নিহত, ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের গোলাগুলি হয়েছে। এ সময় এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র-ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির দুটি দল অভিযান চালায়। এ সময় বাংলাদেশ-মিয়ানমারের ৩৬ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় বিজিবি সদস্যরা পৌঁছালে মাদক চোরাকারবারিরা গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরাও পালটা গুলি চালালে বেশকিছুক্ষণ গোলাগুলির ঘটনা ঘটে। এতে বিজিবির এক জোয়ানও আহত হন। নিহত হন মাদক চোরাকারবারি চক্রের এক সদস্য। নিহতের নাম মো. আব্দুর রহিম (২৫)। তিনি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত শরণার্থী। তার বাবার নাম ওবায়দুল হক। বিজিবি ৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বিজিবি ঘটনাস্থল থেকে একটি বন্দুক, চার রাউন্ড গুলি ও ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে মাদক চোরাকারবারিদের গোলাগুলি হয়। এতে এক মাদক চোরাকারবারির মৃত্যু হয়। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।