রাজশাহীতে এমপির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কেশরহাট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রভাষক খুশবর রহমান গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, কেশরহাট নির্বাচনি এলাকায় এমপি আয়েন উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন। একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করেন এবং নৌকায় ভোট চান।

লিখিত বক্তব্যে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত ১৭ জানুয়ারি এমপির নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রাজশাহী ও রিটার্নিং অফিসার কেশরহাট পৌরসভা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঐ দিন দুপুরে তিনি সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসা চত্বরে মোহনপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী শহিদুজ্জামান শহিদকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সেখানে শহিদের পক্ষে ৫০০ কম্বল ও চাদর বিতরণ করেন। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লায় তিনি নির্বাচনি প্রচারণা করেন। যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি ও রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি কেশরহাট পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রভাষক খুশবর রহমান ধানের শীষ এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহিদুজ্জামান শহিদ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।