চাঁদপুরের কাছে মেঘনা নদীতে বৃহস্পতিবার রাতে বালুভর্তি বলগেটের ধাক্কায় ঢাকা-পটুয়াখালীগামী কুয়াকাটা-১ যাত্রীবাহী লঞ্চের তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়ে। তলা ফেটে লঞ্চে পানি উঠতে শুরু করলে চালক দ্রুত লঞ্চটি কাছাকাছি নদী তীরের চরে উঠিয়ে দেন। এতে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়। এদিকে গতকাল শুক্রবার সকালে অন্য একটি লঞ্চ সেখানে গিয়ে যাত্রীদের উদ্ধার করে পটুয়াখালীতে নিয়ে আসে।
জানা যায়, বিলাসবহুল ‘কুয়াকাটা-১’ নামের দোতলা লঞ্চটি বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর উদ্দেশে ঢাকার সদরঘাট টার্মিনাল ছেড়ে আসে। রাত ১০টার দিকে বালুভর্তি একটি বলগেটের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে লঞ্চটি। এ সময় তলা ফেটে লঞ্চটিতে পানিতে উঠতে শুরু করে। এ অবস্থায় পাঁচ শতাধিক যাত্রীবোঝাই লঞ্চটির চালক দ্রুত চাঁদপুরের আমিরাবাদ এলাকার কাছাকাছি তীরের চরে তুলে দিলে যাত্রীরা নিরাপদে সেখানে নেমে পড়েন। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। চালকের বুদ্ধিমত্তায় যাত্রীসহ লঞ্চটি নদীর চরে উঠিয়ে দিলে তারা নিরাপদে তীরে নেমে যায়।
পটুয়াখালী নদীবন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বলেন, শুক্রবার সকালে ‘মর্নিংসান-৫’ নামের অপর একটি লঞ্চ দুর্ঘটনাকবলিত লঞ্চ যাত্রীদের উদ্ধার করে পটুয়াখালী নিয়ে আসে।