জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি র্যাব ডিজির

র্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আমি সব জঙ্গি, সন্ত্রাসী, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের সুপথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সাঁড়াশি অভিযানের মাধ্যমে এই দুর্বৃত্তদের সমূলে উত্পাটনের জন্য আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

গতকাল শুক্রবার সিলেটে র্যাব-৯-এর আয়োজনে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী হাফ ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষ্যে র্যাব ফোর্সেস সিলেট হাফ ম্যারাথন-২০২১ নামে এই ম্যারাথনের আয়োজন করা হয়। এতে সহস্রাধিক অ্যাথলেট অংশগ্রহণ করেন। নগরীর ক্বিনব্রিজ মোড় থেকে এটি শুরু হয়ে শহরতলির লাক্কাতুরাস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এসময় উপস্থিত সকলকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শপথবাক্য পাঠন করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার।