দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত এক দিনে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট জন ঢাকা বিভাগের, চার জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট তিন জন রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশের আট বিভাগের মধ্যে বাকি তিন বিভাগে মৃত্যু শূন্য।
গতকাল শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এ সর্বশেষ তথ্য জানানো হয়। গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৬১৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৪৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৬টি আরটি-পিসিআর ল্যাব, ২৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৫৬টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাত্ সর্বমোট ২০০টি ল্যাবে ১৪ হাজার ৮৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৩৫ লাখ ৩০ হাজার ২৭৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ১৭ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৫ দশমিক শূন্য ৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০ জন পুরুষ আর নারী পাঁচ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ছয় জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, তিন জন করে মোট ৯ জনের বয়স ৫১ থেকে ৬০, ৪১ থেকে ৫০ ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।