ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার সকালে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। কুয়াশায় দৃষ্টিসীমা ব্যাহত হওয়ায় গতকাল সকালে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামতে না পেরে চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে এসে অবতরণ করে। এ কারণে দেশের এই দুই বড় বিমান বন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর শিডিউলও বিঘ্নিত হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ ইত্তেফাককে বলেন, মূলত ঢাকার আকাশে ঘন কুয়াশা থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সে তুলনায় চট্টগ্রামের আকাশ গতকাল সকালে বিমান চলাচল উপযোগী ছিল। সকাল ৭টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম চলে আসে। এরপর সোয়া ৯টার দিকে ওমান থেকে আসা ইউএস বাংলার অপর ফ্লাইটটিও চট্টগ্রাম চলে আসে। তবে সকাল ১০টার দিকে ঢাকার আকাশ কুয়াশামুক্ত হলে আন্তর্জাতিক ফ্লাইট দুটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরে যায়। তারপর থেকেই চট্টগ্রাম-ঢাকা দুই বিমান বন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর চলাচল শুরু হয়ে যায়।
এদিকে চট্টগ্রামের পতেঙ্গা আবহওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ হারুনর রশিদ জানান, ঘন কুয়াশা আজ শনিবারও বিদ্যমান থাকার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে চট্টগ্রামের নদী অববাহিকা এলাকাগুলোতে ভোর হতে সকাল ৯টা পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করতে পারে। চট্টগ্রামের স্থলভাগের আকাশে ভোর হতে সকাল ৯টা পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা বিরাজমান থাকতে পারে। এতে নৌচলাচল এই সময়টাতে ব্যাহত হতে পারে।