ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরামের পিঠা উত্সব

নান্দনিকভাবে সাজানো হয়েছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠার ডালা। ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার পাক্কন, ম্যারা, আন্দসা, নারকেলের পুলি, চিতই ও ভাপা পিঠা। সেসঙ্গে ছিল জনপ্রিয় ‘রাজা মামার’ হরেক রকমের চা। রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ফোরাম, ঢাকার আয়োজনে শুক্রবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে এ পিঠা উত্সব। 

উত্সবের উদ্বোধন করেন আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা ও সাধারণ সম্পাদক শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ। উত্সবে অংশগ্রহণ করেন জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মিজান মালিক, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, পিআইবির ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ মজলিশ ফোয়াদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম মহাসচিব জাকারিয়া কাজল, ডিআরইউর সাবেক সহসভাপতি আজমল হক হেলাল, আয়োজক সংগঠনের জেষ্ঠ্য সহসভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সহসভাপতি শামীমুল হক, ডিইউজের নির্বাহী সদস্য জুবায়ের চৌধুরী প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি