৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশনা

আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার বিষয়ে প্রস্তুতি নিতে ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র  প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া যায়। এতে আরো বলা হয়, শুধু করোনাকালীন সমস্যা মোকাবিলা নয়, ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে এখনই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, নিরাপদ, আনন্দময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যবস্থা নিতে হবে। বিষয়টি খুবই জরুরি।

গতকাল একই সঙ্গে ৩৮ পৃষ্ঠার একটি গাইডলাইনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়। গাইডলাইনে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও  আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।