বিপন্ন পাখি শিকারে পাকিস্তানের বিশেষ অনুমতি

বিপন্ন পাখি শিকারের জন্য বিশেষ অনুমতি দিলো পাকিস্তান। বিশেষ এই অনুমতির ভিত্তিতেই হোবারা পাখি শিকার করতে পাকিস্তান সফরে এসেছেন বাহারাইনের রাজা হামাদ বিন ঈসা বিন সালমান আল খলিফা এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, হোবারা বাস্টার্ড পাখি শিকার করতে বেলোচিস্তানে আসবেন তারা। ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানে ব্যক্তিগত সফরে থাকবেন গলফের এই দুই নেতা। এ সময় তারা বেলোচিস্তানে হোবারা বাস্টার্ড পাখি শিকারে যাবেন।

দেশটিতে বিলুপ্তির হুমকিতে থাকা এ ধরনের কয়েকটি প্রজাতির পাখি শিকারে নিষেধাজ্ঞা থাকলেও তেলসমৃদ্ধ দুই দেশের সঙ্গে পররাষ্ট্র সম্পর্ক ও নীতির উন্নয়নের লক্ষ্যেই তাদের পাখি শিকারের বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: গিলগিট-বালতিস্তানের রাষ্ট্রীয় নকশা পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মরু অঞ্চলে হোবারা বাস্টার্ড পাখির বাস। শীতে মধ্য এশিয়া পাড়ি দিয়ে পরিযায়ী এসব পাখি পাকিস্তানে আসে। এই পাখি শিকারের সুযোগ দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে পাকিস্তান। পাখিটি প্রকৃতি সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের লাল তালিকাভুক্ত।

ইত্তেফাক/জেডএইচডি