বিনোদন রিপোর্ট
সবাই যখন ছুটছে দামি মিউজিক ভিডিওর দিকে তখন সত্যিকার অর্থেই কানে শোনার গান হিসেবে দারুণ এক উদ্যোগ নিলো ধ্রুব মিউজিক স্টেশন। ধ্রুব মিউজিক গ্যালারি নামের নতুন একটি চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র অডিও গানের একটি চ্যানেল যাত্রা শুরু করলো। মূলত পৃথিবীর একাধিক দেশে হরেক নামের, হরেক ব্র্যান্ডের অডিও অ্যাপ জনপ্রিয়। গানের রেভিনিউ মূলত অডিও অ্যাপের মাধ্যমেই পেয়ে থাকেন। যেখানে শিল্পীরা তাদের সাউন্ড কোয়ালিটির দিকে নজর দেন। দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশে আজ অবধি পেশাদার অডিও অ্যাপ জনপ্রিয়তা পায়নি। সেই কাজটিই নিজেদের মতো করে শুরু করলেন ধ্রুব গুহ। এ প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার কণ্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘মূলত অডিও গানকে গুরুত্ব দিয়ে এটা একটা নতুন উদ্যোগ। আশা করি বরাবরের মতো আমরা শ্রোতাদের পাশে পাবো। বিশ্বায়নের যুগে বাংলা গানও যুক্ত হয়েছে সমসাময়িক মিছিলে। ফলে বেড়েছে ভিডিওর কদর। গানের ভিডিওর কারণে কেউ কেউ দাবি তুলছেন, ভিডিওর পাশাপাশি শুধু অডিওর ব্যবস্থাও যেন করা হয়। এই লক্ষ্য পূরণে অনেকেই ঝুঁকেছেন লিরিক্যাল ভিডিওর দিকে। একটা গানের ভিডিওর পাশাপাশি অডিও যদি কানে থেকে যায়, যদি তা হূদয়ে জায়গা করে নেয়, টিকে যায় একটা গানের কথা সুর ও গায়কীর অমোঘ আবেদন। সেই আবেদনকে স্থায়ী রূপ দিতে শুরু হচ্ছে ধ্রুব মিউজিক গ্যালারি। এই ইউটিউব প্লাটফর্ম শুধুই শ্রোতাদের। এতে তারা গান শুনবেন, পুরো গানটি অনুভব করবেন ও বয়ে বেড়াবেন মুগ্ধতায়।’