বিনোদন ডেস্ক
বলিউডের পাশাপাশি হলিউডেও বেশ জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরইমধ্যে হলিউডে জায়গা করে নিয়েছেন নিজের অভিনয় দক্ষতায়। নতুন কোনো সিনেমা মুক্তির সঙ্গে সঙ্গে তাই পরিবার থেকে শুরু করে ভক্তদের প্রশংসার জোয়ারে ভাসেন এই অভিনেত্রী। গত শুক্রবার নেটফ্লিক্সে তার নতুন সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’-এর প্রিমিয়ার হয়েছে। আর এতেই নেট দুনিয়ায় শুরু হয়ে গেছে প্রিয়াঙ্কা স্তুতি। প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের পাশাপাশি ভক্তরা তার সফলতা কামনার সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন। নিক জোনাস টুইটারে লিখেছেন, ‘প্রিয়াঙ্কার নতুন সিনেমা এখন নেটফ্লিক্সে। ভিন্নরূপে স্বাবলীল অভিনয় করার জন্য আমি আমার স্ত্রীকে নিয়ে খুবই গর্বিত। সকল কলাকৌশলীকে ধন্যবাদ।’ নতুন এই সিনেমাটিতে প্রিয়াঙ্কা অভিনয় করেছেন এক ধনাঢ্য ব্যবসায়ীর স্ত্রীর চরিত্রে। এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা নিজের ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ক্রান্তিকাল শেষে নতুন কিছু সকলে সঙ্গে শেয়ার করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। ব্যতিক্রমী একটি কাজ করেছি। আশা করছি সবাই রাতে অন্তত একটু সময় বের করবেন সিনেমাটি দেখার জন্য। বিশ্বাস করুন, হতাশ হবেন না।’ জবাবে অনেকেই লিখেছেন, ‘দারুণ করেছো, এগিয়ে যাও।’ আবার অনেকে লিখেছেন, ‘নতুন বছরে নতুন চমক! অসাধারণ।’ এমন অসংখ্য কমেন্টে এরইমধ্যে ভরে গেছে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম। এখন দেখার অপেক্ষা ছবিটি কতটা সফল হয়!