বিবিসি
যুক্তরাষ্ট্রের সিনেটে সদ্য বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার কিছুদিন পিছিয়ে দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। এর ফলে ট্রাম্পের আইনজীবীরা নিজেদের বক্তব্য গুছিয়ে নেওয়ার জন্য দুই সপ্তাহের বেশি সময় পাচ্ছেন। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা সোমবারই ট্রাম্পের বিরুদ্ধে ‘বিদ্রোহে উসকানি’ দেওয়ার অভিযোগ উচ্চকক্ষে পাঠিয়ে দেবেন। তবে ফেব্রুয়ারির ৯ তারিখের আগে বিচারের যুক্তিতর্ক শুরু হবে না।
ট্রাম্পের উসকানির কারণেই ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটল ভবনে রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছে বলে অভিযোগ ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের। এই অভিযোগে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে রিপাবলিকান প্রেসিডেন্টকে মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে দ্বিতীয় দফা অভিশংসিতও হতে হয়েছে। ৬ জানুয়ারির ঐ রক্তক্ষয়ী দাঙ্গায় এক পুলিশ সদস্যসহ পাঁচ জনকে প্রাণ দিতে হয়েছে। এর আগে ২০১৯ সালের শেষদিকে প্রথমবার অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প। পরে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেট তাকে দায়মুক্তি দেয়।
শুক্রবার সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানান, প্রতিনিধি পরিষদ তাদের অভিশংসন প্রস্তাব সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে উচ্চকক্ষে পাঠাবে। প্রতিনিধি পরিষদের যে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সিনেটে কৌঁসুলির দায়িত্ব পালন করবেন মঙ্গলবার তারা শপথ নেবেন। পরে সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেলের কার্যালয় জানায়, বিচার খানিকটা দেরিতে শুরুর করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, শুমার তা মেনে নেওয়ায় ম্যাককনেল খুশি হয়েছেন। দুই পক্ষের এই সমঝোতার ফলে ট্রাম্পের বিচারের যুক্তিতর্ক ৯ ফেব্রুয়ারি শুরু হবে।
সিনেটে ট্রাম্পের বিচার খানিকটা দেরিতে শুরু হোক, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনও এমনটাই চান বলে শুক্রবার ইঙ্গিত পাওয়া যায়। ট্রাম্পের বিচারের আগে অভ্যন্তরীণ বেশ কিছু সংস্কার কার্যক্রম শুরু করতেই আগ্রহ বেশি তার। শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ‘জো বাইডেন এখন আর সিনেটে নেই, সাবেক প্রেসিডেন্টের বিচারের ভার সিনেট ও কংগ্রেসের হাতে।’ ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে সিনেটের দুই-তৃতীয়াংশের সমর্থন লাগবে। কিন্তু এখন পর্যন্ত রিপাবলিকান সিনেটরদের বড় অংশকেই সদ্য বিদায়ি প্রেসিডেন্টের পক্ষে দেখা যাচ্ছে। ‘তাকে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা কার্যত শূন্য’, শুক্রবার সিএনএনকে এমনটাই বলেছেন মিসিসিপির রিপাবলিকান সেনেটর রজার উইকার।