হংকংয়ে কয়েক হাজার মানুষকে প্রথমবারের মতো আংশিক লকডাউনে রাখা হয়েছে। দেশটির একটি শহরে ৪৮ ঘণ্টার জন্য এ লকডাউন জারি করা হয়েছে। এ কারণে হাজার হাজার মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। খবর গার্ডিয়ানের
গতকাল থেকে কুলুন উপদ্বীপে লকডাউন জারির ফলে সেখানকার ১০ হাজার বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত ঐ এলাকার বাসিন্দাদের করোনা পরীক্ষা করা না হয় ততক্ষণ পর্যন্ত তাদের লকডাউন মেনে চলতে হবে। এলাকায় ৭০টি ভবন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেখানে প্রত্যেক বাড়ির লোকজনকে পরীক্ষা-নিরীক্ষা করতে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। সে হিসেবে সোমবার থেকেই সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা। স্বাস্থ্যমন্ত্রী সোফিয়া চান বলেন, ঐ এলাকার বেশির ভাগ বাড়িঘরই পুরোনো এবং জনাকীর্ণ। সে কারণে সেখানে সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝুঁকির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা করোনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হলে এছাড়া অন্য কোনো উপায় নেই। কুলুন এলাকায় চলতি মাসে ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। অন্যান্য এলাকার চেয়ে ঐ এলাকায় সংক্রমণ দ্রুত হচ্ছে।