চট্টগ্রামে পৌঁছেছেন সাকিব-মিরাজরা

বাংলাদেশের একাদশে পরিবর্তনের আভাস

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

ওয়ানডে সিরিজের ফয়সালা হয়ে গেছে ঢাকায়। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে গতকাল বেলা ১২টার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে গিয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দল। বন্দরনগরীর হোটেল র্যাডিসনে উঠেছেন দুই দলের ক্রিকেটাররা। ওয়ানডে দলের সঙ্গে বাংলাদেশ ও উইন্ডিজদের টেস্ট দলের ক্রিকেটাররাও চট্টগ্রামে গিয়েছেন।

আগামীকাল সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ শুরু হবে বেলা সাড়ে ১১টায়। ওয়ানডে সিরিজের পর ২৯-৩১ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। তারপর সাগরিকা স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

তৃতীয় ওয়ানডে বাংলাদেশের জন্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার মঞ্চ। অন্যদিকে খর্ব শক্তির হলেও উইন্ডিজরা চেষ্টা করবে হোয়াইটওয়াশ এড়াতে। সিরিজ জিতে গেলেও জয়ের জন্য একই রকম ক্ষুধা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ দল। আইসিসি ওডিআই সুপার লিগের ম্যাচ বলেই পয়েন্ট হারাতে রাজি নয় স্বাগতিকরা। দুই ম্যাচ জিতে ২০ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। কাল জিতলেই সুপার লিগের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পরই অবস্থান করবে টাইগাররা। বর্তমানে ছয় ম্যাচে চারটি জয়ে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। শুক্রবার দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক তামিম ইকবালও একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে পেস আক্রমণে পরিবর্তন প্রায় নিশ্চিত। দুর্বল উইন্ডিজদের বিপক্ষে টানা দুই ম্যাচ খেলেও উইকেটশূন্য অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। তার জায়গায় শেষ ম্যাচে একাদশে ফিরতে যাচ্ছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফিটনেসে ঘাটতি থাকায় সিরিজের দুই ম্যাচ খেলা হয়নি তার। এর বাইরে স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান, পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের মধ্যেও একজন একাদশে সুযোগ পেতে পারেন।

গতকাল রাজধানীতে এক মাঠ উদ্বোধন করতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশের একাদশে পরিবর্তন সম্পর্কে বলেছেন, ‘একাদশে পরিবর্তন আসতেই পারে। কিন্তু এমন কোনো পরিবর্তন আনতে চাই না যেন কাউকে অবমূল্যায়ন করার কোনো কারণ নেই। একটা জিনিস মনে রাখতে হবে এই খেলাটা দিয়েই আমাদের শুরু হলো ওডিআই চ্যাম্পিয়নশিপ। দুটো ম্যাচ জিতে কিন্তু আমরা ২০ পয়েন্ট পেয়েছি। একেকটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ।’