বসুন্ধরা আবাহনী পুলিশ জিতেছে

স্পোর্টস রিপোর্টার

গত মৌসুমে কুমিল্লায় নিজ ভেন্যুতে খেলতে গিয়ে বসুন্ধরা কিংস হেরেছিল মোহামেডানের বিপক্ষে। একটা আক্ষেপ ছিল ভেন্যুটা এত সুন্দর করে সাজানো গোছান হলো, সমর্থকরা বসুন্ধরার জার্সি গায়ে মাঠে গেলেন। আর হারের মালা গলায় ফিরে আসলেন। সেই কষ্টের কথা ভুলেননি দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। তার কষ্টের সেই ক্ষতস্থানে কাল প্রশান্তির প্রলেপ লেগেছে। বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। কোচ অস্কারের ক্ষতস্থানে প্রলেপ দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন। ম্যাচের ৬৪ মিনিটে গোল করেন তিনি। বসুন্ধরা তিন খেলায় ৯ পয়েন্ট পেয়েছে।

ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল বিকালে প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে আবাহনী ১-০ গোলে জিতেছে। এই ম্যাচে ৭৯ মিনিটে গোল করেছেন জুয়েল রানা। এই ম্যাচে খেলেননি অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন। আবাহনী যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে ম্যাচ এগিয়ে যাচ্ছে। দলের ভেতরে ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়ের সংখ্যা বাড়ছে। জীবন ইনজুরির কারণে খেলতে পারছেন না। রাহায়ন খেললেও চোট আছে।

পুলিশের প্রথম জয়

একই মাঠে রাতের খেলায় পুলিশ ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। আইভরি কোষ্টের ফরোয়ার্ড বাল্লো ফামুসা ৮২ মিনিটে গোল করেন। ৮ মিনিট থামিয়ে রাখতে পারলে পয়েন্টের মুখ দেখার সুযোগ হয়ত পেত বারিধারা। আবাহনী ও বসুন্ধরা কিংসের বিপক্ষে হারের কার কালও তৃতীয় ম্যাচে জয়ের মুখ দেখল কোচ পাকির আলীর দল পুলিশ। বারিধরা টানা ৩ ম্যাচই হারল।  

আজকের খেলা ঃ মোহামেডান ও শেখ রাসেল। সাইফ স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনী। ৩টা ৩০ এবং ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম। আরামবাগ ও মুক্তিযোদ্ধা। ৩টা, মুন্সিগঞ্জ।