প্রিমিয়ার লিগে আজ অভিষেক মুন্সীগঞ্জ স্টেডিয়ামের

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে আজ অভিষেক হতে যাচ্ছে মুন্সীগঞ্জ বীর শ্রেষ্ঠ লে. মতিউর রহমান স্টেডিয়ামের। দুপুর ৩টায় আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।  মুন্সীগঞ্জ স্টেডিয়ামটি এই আসরে আরামবাগের হোম ভেন্যু।

মুন্সীগঞ্জে এমন বড় ক্রীড়া আসর এই প্রথম। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনী-মোহামেডানসহ জাতীয় দলের ফুটবলার ও বিদেশি ফুটবলাররা এই মাঠে খেলবে এ যেন বিস্ময়কর! তাই এই স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগের অভিষেক ঘিরে এখন দারুণ উত্সাহ মুন্সীগঞ্জের খেলোয়াড় ও ক্রীড়ামোদীদের মধ্যে।

খেলার আগে মাঠ পরিচর্যায় বেশ মনোযোগ কর্মকর্তাদের। মাঠের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মুন্সীগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের  সভাপতি মো. নজরুল ইসলাম ইত্তেফাককে জানান, ছোটখাটো কিছু সমস্যা ছাড়া স্টেডিয়ামের মাঠসহ সব কাজ মোটামুটি শেষ।  গত শুক্রবার আরামবাগ ম্যানেজার এবং মুক্তিযোদ্ধা ম্যানেজার ও কোচ এসে মাঠ, ড্রেসিং রুম ও গ্যালারি পরিদর্শন করে প্রশংসা করেছেন। তবে মাঠের একটি স্থানে সামান্য সমস্যা মনে করে কিছু মাটি ফেলে দিতে বলেছেন তারা।

পুরো মাঠ সবুজ ঘাসে আচ্ছন্ন করতে বিভিন্ন ধরনের সার ছিটিয়ে পানি দেওয়া হচ্ছে। এতে কয়েক দিনের মধ্যেই ঘাস সতেজ হয়ে সবুজ হয়ে ওঠেছে। আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ তৈরি করতে প্রায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট মাঠ পরিচর্যাকারীরা জানান।

তাছাড়া ভিআইপি গ্যালারিসহ পুরো গ্যালারি সংস্কার কাজ শেষে রংয়ের কাজও শেষ করা হয়েছে। ছোটখাটো সমস্যাগুলো সেরে নেওয়া হচ্ছে। এখন অপেক্ষা শুধু খেলার।

তবে স্থানীয় দর্শকদের জন্য হতাশার কারণ হলো আজকের ম্যাচ মাঠে বসে উপভোগ করতে পারবেন না তারা। আগামী ৩০ জানুয়ারি মুন্সীগঞ্জ পৌরসভার নির্বাচনের কারণে বিশৃঙ্খলা এড়াতে প্রথম ম্যাচে কোনো টিকিট রাখা হচ্ছে না। তবে ৬ ফেব্রুয়ারি স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচ থেকে টিকিটের ব্যবস্থা করা হবে।