এফএ কাপে আর্সেনালের বিদায়
স্পোর্টস ডেস্ক
কিলিয়ান এমবাপের জোড়া গোলে ১০ জনের মোঁপেলিয়েকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পিএসজি। গত শুক্রবার লিগ ওয়ানের এই ম্যাচে গোলের খাতায় নাম লিখিয়েছেন নেইমার ও মাওরো ইকার্দিও।
এদিকে সাউদাম্পটনের বিপক্ষে ০-১ গোলে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বাদ পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। সেইন্ট ম্যারি স্টেডিয়ামে শনিবার ম্যাচের ২৪তম মিনিটে করা গ্যাব্রিয়ালের আত্মঘাতী গোলে চতুর্থ পর্ব থেকেই বিদায় নিয়ে হয়েছে ১৪ বারের চ্যাম্পিয়নদের। ওদিকে বুন্দেসলিগায় আর্লিং হাল্যান্ডের জোড়া গোলও রক্ষা করতে পারেনি বরুশিয়া ডর্টমুন্ডকে। ক্ষিপ্রগতির বরুশিয়া মুনশেন গ্ল্যাডবাখের কাছে ২-৪ গোলে হেরেছে ডর্টমুন্ড।
পার্কডি প্রিন্সেসে ম্যাচের ১৯তম মিনিটেই এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখেন মোঁপেলিয়ের গোলরক্ষক জোনাস অমলিন। মূল গোলরক্ষকের বিদায়ের পর ১০ জনের মোঁপেলিয়ের চোখের পানি, নাকের পানি এক করে ছাড়েন নেইমাররা। প্রথমার্ধের ৩৪তম মিনিটে দলের প্রথম গোলটি করেন পিএসজির ফরাসি স্ট্রাইকার এমবাপে। তারপর দ্বিতীয়ার্ধের ৫৯ থেকে ৬৩—এই চার মিনিটের মাঝে তিন বার লক্ষ্যভেদ করেন নেইমার, ইকার্দি ও এমবাপে। এই জয়ে বাকি সব দলের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে মউরিসিও পচেত্তিনোর দল।
বরুশিয়া পার্কে ম্যাচের ১১ মিনিটে ডিফেন্ডার নিকো এলভেদির গোলে গ্ল্যাডবাখ এগিয়ে গেলেও হাল্যান্ডের ক্যারিশমায় দ্রুতই ম্যাচে ফেরে ডর্টমুন্ড। ২২ ও ২৮ মিনিটে করা হাল্যান্ডের জোড়া গোলের বদৌলতে এগিয়ে যায় হলুদ শিবির। তবে ৪ মিনিটের মধ্যেই সমতা ফেরায় এলভেদি। ২-২ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর স্ট্রাইকার রামি বেনসেবাইনি ও মার্কাস থুরামের গোলে ৪-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে মার্কো রোজের দল। ডর্টমুন্ডের বিপক্ষে টানা ১১ ম্যাচে হারার পর এই ম্যাচে জয়ের দেখা পেয়েছে গ্ল্যাডবাখ। ভারপ্রাপ্ত কোচ এডিন টারজিকের অধীনে লিগে ডর্টমুন্ডের টানা দ্বিতীয় পরাজয় এটি।