চার বছরেও শেষ হয়নি নির্মাণকাজ!

কিশোরগঞ্জের চাড়ালকাটা নদীর ব্রিজ

মো. শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ (নীলফামারী)

চার বছরেও শেষ হয়নি নীলফামারীর সদর ও কিশোরগঞ্জ উপজেলার কাচারীর হাট ভায়া বাবরীঝাড় সড়কের চাড়ালকাটা নদীর ওপর নির্মণাধীন ব্রিজের কাজ। ফলে দুই উপজেলার প্রায় ৩ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। নীলফামারী প্রকৌশল দপ্তর থেকে পর পর দুবার কাজের সময়সীমা বৃদ্ধি করলেও এখন ব্রিজের ৬০ ভাগ কাজ শেষ হয়নি।

জানা গেছে, দুই উপজেলার লাখ লাখ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে দেশ স্বাধীনের ৪৫ বছর পর চাড়ালকাটা নদীর পাড়ঘাটের ওপর ব্রিজের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু চার বছরেও শেষ হয়নি নির্মাণকাজ। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, বাংলাদেশ সরকারের অর্থায়নে কাচারীর হাট ভায়া বাবরিঝাড় সড়কের চাড়ালকাটা নদীর পাড়ঘাটের ওপর ২৫২ মিটার ব্রিজ নির্মাণের জন্য ২০১৬ সালে দরপত্র আহ্বান করে সরকার। ব্রিজটি নির্মাণের জন্য চুক্তিমূল্য ধরা হয় ১৫ কোটি ১১ লাখ ২৯ হাজার ৬২৬ টাকা।

দরপত্রের মাধ্যমে কাজটি পায় মের্সাস ইসলাম ট্রেডার্স। দরপত্র অনুযায়ী ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি কাজ শুরু করে ২০১৮ সালের ২৮ জুনের মধ্যে কাজ শেষ করার জন্য বলা হলেও ব্রিজটির ৬০ ভাগ কাজ এখনো শেষ হয়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের তদারকি কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির ম্যানেজার আনিকুল ইসলাম অনিক জানান, ব্রিজের স্প্যান ও পিলারের নির্মাণকাজ শেষ হয়েছে। গার্ডারের কাজ চলছে। গার্ডারের কাজ শেষ হলে খুব তাড়াতাড়ি পাটাতন ঢালাইয়ের কাজ শুরু করা হবে। তিনি দাবি করেন ব্রিজের ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকৌশলী মফিজুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, বিভিন্ন কারণে ব্রিজের নির্মাণকাজ কিছুদিন বন্ধ ছিল। বর্তমানে দ্রুত গতিতে কাজ চলছে। আশা করছি এ বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে।