জয়পুরহাটে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলার পৃথক স্থানে শনিবার সকালে দুর্ঘটনার শিকার হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজারে যাওয়ার সময় শ্যালো মেশিনচালিত ভটভটির চাকায় নিজের গলার চাদর পেঁচিয়ে ফাঁস লেগে চালক নাঈমুল ইসলামের (২০) মৃত্যু হয়েছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত  নাঈমুল জেলার কালাই উপজেলার কাদিরপুর গ্রামের মইফুল ইসলামের ছেলে। মোলামগাড়িহাট-দুপচাঁচিয়া সড়কের শিবপুর ধানশুন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে, জয়পুরহাট সদরে জেলা আধুনিক হাসাপাকালের পাঁচতলা ভবন থেকে পড়ে গিয়ে মিঠু হোসেন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।