সাতক্ষীরায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির হস্তক্ষেপে শুক্রবার রাতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামে কিশোরীর বাড়িতে কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের ষষ্ঠী মণ্ডলের ছেলে মাছ ব্যবসায়ী অসিত মণ্ডলের সঙ্গে গোপনে বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা তাত্ক্ষণিক বিষয়টি সাতক্ষীরা জেলা ও সদর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। একপর্যায়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ওসিসির প্রোগ্রাম অফিসার আবদুল হাই সিদ্দিক ও সংশ্লিষ্ট বল্লী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনিরুজ্জামান মধুকে সঙ্গে নিয়ে ঐ বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। সাতক্ষীরা জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।