কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে এক শ্রেণির অসত্ ব্যবসায়ী অবৈধভাবে বংশী নদীর মাটি কেটে ইটভাটায় পাচার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গভীর গর্ত করে মাটি কাটার কারণে ঘরবাড়ি ও রাস্তা নদীভাঙনের হুমকিতে পড়েছে। শনিবার বিকালে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ভৃঙ্গরাজ এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে গভীর গর্ত করে বংশী নদীর মাটি কাটা হচ্ছে। অসত্ ঠিকাদাররা নির্বিঘ্নে সেই মাটি ড্রাম ট্রাকে ভর্তি করে স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন মিল-কারখানায় পাচার করছে। গভীর গর্ত করে মাটি কাটার কারণে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তা নদীভাঙনের হুমকিতে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী বলেন, অবৈধভাবে মাটি কাটা বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।