স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে এক জন মেয়র প্রার্থী, ১৭ জন সাধারণ কাউন্সিলর এবং পাঁচ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি। এসব প্রার্থী নির্বাচনি হলফনামায় তাদের শিক্ষাগত যোগ্যতার ঘরে স্বশিক্ষিত লিখেছেন। ধুনট পৌরসভা নির্বাচনে চার জন মেয়র প্রার্থীসহ ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা প্রার্থীদের হলফনামা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। নির্বাচন কার্যালয়ে দেওয়া প্রার্থীদের হলফনামায় চার জন মেয়র প্রার্থীর মধ্যে কমিউনিস্ট পার্টির সাহা সন্তোষ স্বশিক্ষিত উল্লেখ করেছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে ৩২ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ডে ১০ জন প্রার্থীর মধ্যে পাঁচ জন তাদের হলফনামায় শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত উল্লেখ করেছেন। এর সত্যতা নিশ্চিত করে ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোকাদ্দেছ আলী বলেন, ধুনট পৌরসভা নির্বাচনে মেয়রসহ ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৩ জনই মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তাদের শিক্ষাগত যোগ্যতার ঘরে স্বশিক্ষিত লিখেছেন।