তথ্য যোগাযোগ প্রযুক্তিতে দেশ সমৃদ্ধির পথে। দেশকে আরো উন্নতির পথে নিতে প্রয়োজন নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক ব্যবস্থা। এ চরম বাস্তবতাকে সামনে নিয়ে আমাদের দেশ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা কি আসলেই পরিপূর্ণরূপে নেটওয়ার্ক ব্যবস্থার আওতায় আসতে পেরেছি? বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত একটি ও ব্যক্তি মালিকানাধীন চারটি টেলিকমিউনিকেশন কোম্পানি রয়েছে, কিন্তু জেলা শহর থেকে মাত্র ১০-১১ কিলোমিটার দূরে গেলেই আর ঠিকমতো নেটওয়ার্ক পাচ্ছি না। ঘরের বাইরে যদিওবা পাই, কিন্তু ঘরের ভেতরে নেটওয়ার্ক পাওয়া যায় না। যার ফলে আমাদের অনলাইন কার্যক্রম ব্যর্থ হচ্ছে। ঝিনাইদহ জেলায় নেটওয়ার্ক পাওয়া যায় না বললেই চলে। একদম জেলার কেন্দ্রবিন্দুতেও ২জি বা মাঝে মাঝে ৩জি নেটওয়ার্ক পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট টেলিকমিউনিকেশন কোম্পানির জেলা শাখায় যোগাযোগ করেও আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি। কোভিড পরিস্থিতিতে এখন যাবতীয় কার্যক্রম অনলাইনে চলে এসেছে, সেইক্ষেত্রে একটা জেলা শহরের অবস্থা যদি এই হয় তাহলে গ্রামের অবস্থা সহজেই অনুমেয়। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. নাজমুচ্ছাকিব
আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া