নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণে মর্মাহত সম্মিলিত সামাজিক আন্দোলন

ইত্তেফাক রিপোর্ট

দেশে সাম্প্রতিক সময়ে নারী-শিশু নিপীড়ন, মাদ্রাসায় ধর্ষণ ও বলাত্কার, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বৃদ্ধিতে খুবই মর্মাহত সম্মিলিত সামাজিক আন্দোলন। অন্যদিকে দেশে রাজনীতির নামে কাদা ছোড়াছুড়ি, বিশ্বাসহীনতা, জাতীয় জীবনে অশনিসংকেত হিসেবে আতঙ্ক ছড়াচ্ছে বলে মন্তব্য করে সংগঠনটি। একই সঙ্গে পৌরসভা নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকায় সন্ত্রাস ও হত্যার ঘটনা ভবিষ্যত্ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। দেশের স্থিতিশীলতা ও অগ্রযাত্রাকে বিপন্ন করবে বলেও মত প্রকাশ করে সংগঠনটি।

গতকাল শনিবার সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে ঢাকা মহানগর শাখার বর্ধিত সভায় এসব মত প্রকাশ করা হয়। সভায়  প্রধান অতিথি ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আজিজুর রহমান। সংগঠনের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন—কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, ঢাকা মহানগর নেতা আব্দুল ওয়াহেদ, বেলায়েত হোসেন, বাবুল হাওলাদার, গোলাম রসুল, আনিসুর রহমান, জুবায়ের আলম, সঞ্জয় পাল, আরিফুজ্জামান, শাহ্ জালাল আরিফ প্রমুখ।