জবিতে অবহেলিত নিরাপত্তাকর্মীরা

পাননি বাত্সরিক বোনাস

g জবি সংবাদদাতা

মার্চে দেশে করোনার প্রকোপ শুরু হলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বন্ধ হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও। করোনা থেকে সুরক্ষায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী রাজধানী ছেড়ে চলে যান গ্রামের বাড়িতে। এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ও মানুষ শূন্য পরিবেশে ক্যাম্পাসে দেখা দেয় নিরাপত্তাহীনতা। তাই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সবাই নিজের নিরাপত্তায় বাসায় অবস্থান করলেও ক্যাম্পাসের নিরাপত্তায় নিয়োজিত থাকেন বিশ্ববিদ্যালয়ের ২২ নিরাপত্তাকর্মী। দৈনিক হাজিরাভিত্তিক এসব কর্মী করোনা আক্রান্তের কথা চিন্তা না করে সর্বদা সজাগ থেকেছেন ক্যাম্পাসের নিরাপত্তায়। ঐ সময় তাদের বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক কাজী মো. নাসির উদ্দীন বলেন, ‘দৈনিক হাজিরাভিত্তিক যারা কাজ করে তাদের বোনাস দেওয়ার কোনো নিয়ম নেই, এটা প্রিভিলেজ। বিশ্ববিদ্যালয় তহবিলে অর্থ থাকা সাপেক্ষে তাদের কিছু দেওয়া হয়। এবারও আমরা চেষ্টা করছি কিছু অনুদান দেওয়ার।’