ইত্তেফাক রিপোর্ট
করোনা প্রতিরোধে ভারত সরকারের উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ বাংলাদেশকে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল শনিবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, মহামারিকালে ভারত সরকারের এ উপহার বাংলাদেশের জনগণ কৃতজ্ঞচিত্তে স্মরণে রাখবে।
সরকারি দলের লোকেরা নিজেরাই অপকর্ম প্রকাশ্যে আনছেন : বাবলু
এদিকে, গতকাল বনানীতে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় তরুণ পার্টি ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, অবস্থা এমন হয়েছে যে বিরোধীদলের আর কিছুই বলতে হচ্ছে না, সরকারিদলের নিজেরাই নিজেদের অপকর্ম প্রকাশ্যে তুলে ধরছেন। সরকারিদলের এক সংসদ সদস্য তাদের এক শীর্ষ নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলেছেন। তরুণ পার্টির মহানগর উত্তরের আহ্বায়ক কে এম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, তরুণ পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন মৃধা ও সদস্যসচিব মোড়ল জিয়াউর রহমান।