পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
শনিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর যুব সমাজের আয়োজনে তাজপুর গ্রামে ঐতিহ্যবাহী গ্রামীণ পাতা খেলা অনুষ্ঠিত হয়। হারিয়ে যাওয়া গ্রামীণ এই পাতা খেলার আয়োজন করায় আশপাশের গ্রামের সহস্রাধিক নারী-পুরুষের মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে কয়েক মুহূর্তে। আয়োজকরা বলেন, গ্রামীণ এই ঐতিহ্যবাহী পাতা খেলা আয়োজনের মাধ্যমে নবীন প্রজম্মের মধ্যে পরিচিত করাই মূল উদ্দেশ্য।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তাজপুর গ্রামের একটি ফসলি মাঠের মধ্যে গোলাকার হয়ে দাঁড়িয়ে আছে সহস্রাধিক নারী-পুরুষ। মধ্যখানে পুঁতে রাখা একটি কলাগাছের চারিদিকে বসে আছে পাঁচ-ছয় জন লোক। যাদের গ্রামীণ ভাষায় পাতা বলে। মন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট বৃত্তের মধ্যে রাখা হয়েছে গাছটি। আর দর্শক সারিতে খণ্ড খণ্ডভাবে রয়েছেন কিছু মন্ত্র পাঠক। যাদের কাজ তাদের তন্ত্র মন্ত্র পাঠের মাধ্যমে কলাগাছের বৃত্তের মধ্যে থাকা মন্ত্রবান ভেদ করে পাতাগুলোকে নিজের কাছে টানা। এভাবে যে যত বেশি পাতা নিজের কাছে টানতে পারবে সে এই খেলার বিজয়ী। উপজেলার মির্জাপুর গ্রামের মন্ত্র পাঠক গুনোমান ফজলু বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে এই পাতা খেলায় অংশগ্রহণ করছি। আমার জীবনে বহু খেলায় পাতা টেনে পুরস্কার পেয়েছি। উপজেলার আটুল গ্রামের অপর গুনোমান ফিরোজ হোসেন জানান, যেখানেই পাতা খেলার সংবাদ পাই সেখানে ছুটে যাই। খেলা দেখতে আসা রফিকুল ইসলাম বলেন, গ্রামীণ সংস্কৃতির এই আনন্দদায়ক খেলাগুলো ইদানিং হারিয়ে যেতে বসেছে। নতুন করে আবার দেখতে পাওয়ায় খুব ভালো লাগছে। মিন্টু নামের এক দর্শক বলেন, গুনোমানরা বিভিন্ন ধরনের ছন্দের মাধ্যমে মন্ত্র পাঠ করায় অনেক মজা পাওয়া যায়। পাশাপাশি কোন গুনোমানের কী রকম মন্ত্রের শক্তি তা পাতা টানার মাধ্যমে জানা যায়।